সাথী দাস, পুরুলিয়া, ১৫ ফেব্রুয়ারি: মোটর সাইকেল চুরির ঘটনায় বড় সাফল্য পেল পুরুলিয়া জেলা পুলিশ। তিন আন্তঃ রাজ্য পাচারকারীকে গ্রেফতার করে মোট ৩১টি মোটর সাইকেল উদ্ধার করল পুলিশ। এগুলি সবই পুরুলিয়া জেলার আদ্রা স্টেশন ও রঘুনাথপুর থেকে চুরি হয় বেশ কয়েক মাস আগে। বার বার চুরির ঘটনায় বিব্রত হয়ে পড়ে পুলিশ। অতিরিক্ত জেলাশাসক (হেড কোয়ার্টার) পিনাকী দত্তের নেতৃত্বে একটি তদন্তকারী দল অভিযান চালিয়ে এই সাফল্য পায় বলে জানান জেলা পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো। তিনি জানান, ধৃত তিন জনের নাম মনোজ স্বর্ণকার বাড়ি রঘুনাথপুর এলাকায়। এছাড়া বাকি দুই জন হল সাঁওতালডি থানার সজল দাস এবং ঝাড়খণ্ডের ধানবাদ জেলার পুটকি থানা এলাকার জিতেন্দ্র কুমার। ধৃতদের রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে তাদের ১০ দিনের পুলিশ হেফাজত হয়।

মোটর সাইকেলগুলির মধ্যে ১৮টি ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গা থেকে এবং উদ্ধার হওয়া বাকি সবই পুরুলিয়া জেলার বিভিন্ন স্থানে পাওয়া যায়। জেলা পুলিশ সুপার আজ তাঁর অফিসে একটি সাংবাদিক বৈঠকে জানান, প্রথম সাফল্য আসে চলতি মাসের ৬ তারিখে। চিনপিনা রেল গেটের কাছে। সেখানে নাকা তল্লাশি করার সময় নম্বর প্লেট বিহীন এক ব্যক্তিকে সন্দেহ হয়। তাকে জেরা করতেই মোটর বাইক চুরি ও পাচারের ঘটনা ধরা পড়ে যায়। ওই সময় ধৃতের কাছ থেকে একটি অস্ত্রও পাওয়া যায়। ওই ব্যক্তিকে জেরা করেই বাকি দুই দুষ্কৃতিকে ধরা হয়। ধৃতদের জিজ্ঞাসা করে দ্রুত আরও মোটর সাইকেল উদ্ধার সম্ভব হবে বলে আশাবাদী জেলা পুলিশ সুপার।

