সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৪ অক্টোবর: রেলে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা প্ৰতারণার অভিযোগে গ্ৰেফতার তিন জন। ভুয়ো নিয়োগপত্ৰ ও পরিচয়পত্ৰ দেয় তারা।
ঘটনার বিবরণে জানা গেছে, এক লক্ষ টাকার বিনিময়ে রেলে চাকরির লোভ দেখিয়ে এক যুবকের কাছ থেকে দফায় দফায় এক লক্ষ টাকা নেয় এই প্ৰতারক চক্ৰ।প্ৰতারিত যুবক অনন্ত কিশোর চট্টোপাধ্যায় ওন্দা থানার দুবড়াকোনের বাসিন্দা। তার সাথে বাঁকুড়া শহরের ফাঁসিডাঙ্গার বাসিন্দা বিল্টু কৰ্মকারপর পরিচয় হয়।চাকরির কথা প্ৰসঙ্গে বিল্টু অনন্তকে জানায়, এক লক্ষ টাকা দিলে রেলের গ্ৰুপ ডি পদে চাকরি মিলবে। সেই মত অনন্ত বিল্টুকে দফায় দফায় এক লক্ষ টাকা দেয়। তারপর অনন্তর কাছে একটি নিয়োগপত্ৰ আসে। সঙ্গে আইকাৰ্ডও মেলে। নিয়োগপত্ৰে তাকে দক্ষিণ পূৰ্ব রেলের ওন্দা ডিভিশনে যোগ দিতে বলা হয়। নিয়োগপত্ৰ দেখে তার সন্দেহ হয়, কেন না বাঁকুড়ায় ওন্দা স্টেশন থাকলেও ওন্দা বলে কোনও ডিভিশন নেই। প্ৰতারিত হয়েছে বুঝতে পেরে অনন্ত শহরের লালবাজারে তার এক আত্মীয়কে বিষয়টি জানায় এবং প্ৰতারক বিল্টুকে ধরার জন্য আরও টাকার টোপ দেয়। বিল্টু লালবাজারে হাজির হলে স্থানীয় লোকজন তাকে ধরে ফেলে। পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ বিল্টুকে গ্ৰেফতার করে।
তাকে জেরা করে এই ঘটনায় যুক্ত আরও দু’জনকে গ্ৰেফতার করে। বাঁকুড়া সদর থানার আইসি দেবাশিস পান্ডা বলেন, রেলে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা প্ৰতারণার অভিযোগে তিনজনকে গ্ৰেফতার করা হয়েছে।

