আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১৫ মে: মুর্শিদাবাদ জেলার রানিতলা থানার অন্তর্গত এক ইটভাটার ভিতরে জেসিপির গর্ততে জমা জলে ডুবে মৃত্যু হল একই পরিবারের তিন শিশুর। মৃত তিন শিশুর নাম সাদিকুল শেখ (৮), আশা খাতুন (৮), রহিদ শেখ (৬)। ঘটনাটি ঘটে রানিতলা থানা অন্তর্গত নন্দনপুর এলাকায়।
পরিবারের লোকজন জানায়, বৃষ্টির পর বিকেলে বাড়ি থেকে খেলতে বেড়িয়েছিল তারা। বাড়ি থেকে বেরনোর ঘণ্টাখানেক পরে আরও দুটি শিশু দৌড়ে এসে বলে ভাটার ভিতরে পুকুরে কারো দেহ ভাসছে। শুনে তাড়াতাড়ি ছুটে যায় স্থানীয়রা। ওই গর্তের মধ্যে নামলে এক এক করে উদ্ধার হয় তিন শিশুর মৃতদেহ। পরিবারের লোকজন জানিয়েছে, মাঝেমধ্যেই শিশুরা ওই ইটভাটায় খেলতে যেত। শিশুদের নিথর মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসা হয় নসিপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। চিকিৎসকরা দেখে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার জেরে এলাকায় নেমে আসে শোকের ছায়া। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয় রানিতলা থানার পুলিশ। সঙ্গে আসেন সার্কেল ইন্সপেক্টরও।

