স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৮ মার্চ:
রাজনৈতিক মতবিরোধ ভূলে রঙের উৎসব মিলিয়ে দিল প্রার্থীদের। একে অপরকে আবীর দিয়ে রাঙিয়ে শুভেচ্ছা জানালো রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল, বিজেপি ও বাম-কংগ্রেস জোটের প্রার্থীরা। এমনই সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন ও রঙের উৎসবে মেতে ওঠার ছবি ধরা পড়ল রায়গঞ্জ বসন্ত উৎসব কমিটি আয়োজিত বসন্ত উৎসবে। ভোট উৎসবের মাঝে রায়গঞ্জ শহরে শাসকদল ও বিরোধী রাজনৈতিক দলের এমন দোল উৎসব সৌহার্দ্যের প্রতীক হয়ে থাকবে তা বলাইবাহুল্য।
বিধানসভা নির্বাচনের জোরদার প্রচার শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের। নির্বাচনী ময়দানে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে যেমন চায় না তেমনি একে অপরের বিরুদ্ধে আক্রমণের বাণ চালাতেও পিছপা হয় না কি তৃণমূল বা বিজেপি কিংবা বাম-কংগ্রেস জোটের প্রার্থীরা। কিন্তু বাঙালির অন্যতম উৎসব দোল রাজনৈতিক মতানৈক্যকে কয়েকশো যোজন পেছনে রেখে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থীরা মেতে উঠলেন রং খেলায়।

রায়গঞ্জ করোনেশন হাইস্কুল প্রাঙ্গনে রায়গঞ্জ বসন্ত উৎসব কমিটি আয়োজিত বসন্ত উৎসবে হাজির হলেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের তিন যুযুধান প্রার্থী তৃণমূল কংগ্রেসের কানাইয়ালাল আগরওয়াল, বিজেপির কৃষ্ণকল্যাণী এবং বাম-কংগ্রেস জোট প্রার্থী তথা রায়গঞ্জের বিদায়ী কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্ত। উৎসবের মঞ্চে পাশাপাশি বসে আলাপচারিতা ও শুভেচ্ছা বিনিময় করলেন তাঁরা। এরপর রঙের উৎসবকে আরও রঙিন করে তুলতে একে অপরকে আবীর দিয়ে রাঙিয়ে শুভেচ্ছা বিনিময় করলেন তাঁরা। জানালেন আজ রঙের উৎসব, আজ কোনও প্রচার নেই নেই রাজনৈতিক তরজা। দেশ তথা বাংলার সংস্কৃতি রাজনৈতিক বেড়াজালের ঊর্ধ্বে।

