সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২ আগস্ট: এক ব্যক্তির বাড়ি থেকে তিন বালতি ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার হাবড়া থানার পৃথিবা পঞ্চায়েতের মথুরাপুর দাসপাড়া এলাকার। পুলিশ ওই বাড়ি মালিক হাবিবুর মন্ডলকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ওই বাড়ি থেকে উদ্ধার হয় কুড়িটি তাজা বোমা।

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকালে মথুরাপুর দাসপাড়া এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে হাবিবুর মণ্ডলের একটি পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার হয় তিন বালতি তরতাজা বোমা। ওই বালতিগুলিতে রাখা ছিল প্রায় ২০টি বোমা। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে হাবড়া থানার বিশাল পুলিশ বাহিনী। হাবিবুর মণ্ডলের সঙ্গে আর কে বা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তারা। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে। ওই এলাকা ঘিরে রেখে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশ, সারা রাজ্যে যেখানে যত বেআইনি বোমা, অস্ত্র রয়েছে, অবিলম্বে তা উদ্ধার করে নষ্ট করতে হবে। আর তার পরই রাজ্যজুড়ে পুলিশের তৎপরতা শুরু হয়েছে। ধৃতকে মঙ্গলবার বারাসত আদালতে তোলা হয়।

