পিন্টু কুন্ডু , বালুরঘাট, ৬ মার্চ: বিজনেস ম্যানেজমেন্ট কোর্স করিয়ে চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে গ্রেপ্তার তিন। দক্ষিণ দিনাজপুর জেলার পারপতিরাম এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম বাপী বর্মন, অভিজিৎ মন্ডল এবং লীনা দাস। বাপী তপনের বাসিন্দা হলেও বাকি দুই জন উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা। শনিবার ধৃতদের বালুরঘাট জেলা আদালতে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পতিরাম থানার পুলিশ।
পুলিশ সূত্রের খবর, সম্প্রতি পারপতিরাম এলাকায় গৌতম সাহার বাড়িতে ঘর ভাড়া নিয়ে একটি প্রশিক্ষণ সেন্টার খোলে অভিযুক্তরা। সেখান থেকে বিজনেস ম্যাজেনমেন্টের কোর্স করিয়ে চাকরি দেওয়ার নামে চার জনের কাছে ২৩ হাজার টাকা করে তুলে নেয়। যাদের টাকা নেওয়া হয়েছে তাদের মধ্যে দুই জন দক্ষিণ দিনাজপুর জেলার তপনের বাসিন্দা অপর দুই জন দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা। এদিকে একই কায়দায় পতিরামের বিদয়পুরের বাসিন্দা শীতেশ মন্ডলের কাছ থেকেও চাকরি দেওয়ার নাম করে ৭ হাজার টাকা নেয় অভিযুক্তরা। বাকি টাকা নেওয়ার জন্য চাপ সৃষ্টি করলেই বিষয়টি পতিরাম থানায় জানিয়ে লিখিত অভিযোগ করেন ওই যুবক। যার পরেই এক বিশেষ অভিযান চালিয়ে ওই প্রতারক চক্রকে গ্রেপ্তার করেছে পতিরাম থানার পুলিশ।

পতিরাম থানার ওসি বিরাজ সরকার জানিয়েছেন, লিখিত অভিযোগ পেয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের আদালতে পাঠিয়ে ঘটনার পুর্নাঙ্গ তদন্ত শুরু করা হয়েছে।

