জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ অক্টোবর: নারায়ণগড় ব্লকের বেলদার দেউলি এলাকায় মোবাইল টাওয়ারের জিনিসপত্র চুরির অভিযোগ ওঠে তিন যুবকের বিরুদ্ধে। চুরির ঘটনা জানাজানি হতেই উত্তেজিত এলাকাবাসীরা ওই তিন যুবককে পাকড়াও করার পর গাছে বেঁধে গণধোলাই দেয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাঝেমধ্যেই বেলদা ও দেউলি এলাকার বিভিন্ন মোবাইল টাওয়ারের জিনিসপত্র চুরির ঘটনা ঘটে চলেছে। কে বা কারা এই চুরির ঘটনার সঙ্গে জড়িত রয়েছে তা কোনও ভাবে জানা যাচ্ছিল না। মঙ্গলবার রাতে স্থানীয়রা ধৃত ওই তিন যুবককে দেউলির একটি মোবাইল টাওয়ারের জিনিসপত্র বের করতে দেখে ফেলেন।তারপরেই তাদের হাতেনাতে ধরে গাছে বেঁধে গণধোলাই দেয়। ঘটনার খবর পেয়ে বেলদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিন যুবককে উদ্ধার করে।

