আশিস মণ্ডল, বীরভূম, ২০ জুন: দিনের পর দিন বাড়ির ভিতর থেকে চুরি যাচ্ছে মোবাইল। কিছু দুষ্কৃতী অভিনব কায়দায় বাড়ির ভিতরে না ঢুকেই সাফাই করছে মোবাইল। গোপন সূত্রে খবর পেয়ে এমনই অভিনব মোবাইল চোর পাকড়াও করল বীরভূমের পাইকড় থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে মোবাইল, টিভি। ধৃতদের জেরা করে চুরির কায়দা কানুন জেনে তাজ্জব পুলিশও।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরে পাইকড় থানা এলাকায় মোবাইল চুরি বেড়ে গিয়েছিল। একের পর এক মোবাইল চুরির অভিযোগে অতিষ্ঠ হয়ে গিয়েছিল পুলিশ। এরপরেই গোপন সূত্রে খবর পেয়ে প্রথমে পাইকড় থানার মিত্রপুর গ্রাম থেকে সাবির শেখ নামে এক দুষ্কৃতীকে আটক করে পুলিশ। তাকে জেরা করে পুলিশ আসানসোলের হীরাপুর থানার চাষাপাট্টি এলাকা থেকে ওসমান শেখ ওরফে ছোট্টু শেখ এবং মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার বাড়ালা গ্রামে থেকে নুরজামান শেখ ওরফে এককড়িকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৯ টি অ্যান্ড্রয়েড এবং ৩ টি কিপ্যাড মোবাইল, একটি এলইডি টিভি।

পুলিশ জেরায় জানতে পেরেছে ধৃতরা ফোল্ডিং স্টিকের ডগায় ইঁদুর মারা আঁঠা লাগিয়ে জানালা দিয়ে ঢুকিয়ে দিত। এরপর জানালার ধারে হোক কিংবা পড়ার টেবিলে স্টিকে লাগানো আঁঠায় মোবাইল চুম্বকের মতো সেঁটে যাওয়ায় তা বাড়ির বাইরে আনত সহজেই। ক্ষণিকের মধ্যেই মোবাইল সাফাই করত ধৃতরা। মোবাইল চুরির মূল পান্ডা সাবির। সেই বাইরে থেকে দুষ্কৃতীদের ডেকে নিয়ে এসে চুরি করাত। তার আগে সাবির নিজে বিভিন্ন বাড়িতে নজর রেখে চুরির ছক করত বলে পুলিশ জানতে পেরেছে।
জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী বলেন, “ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। কোথায় কোথায় তাদের এই চক্র রয়েছে তা জানার চেষ্টা করা হচ্ছে”।

