মনোনয়ন প্রত্যাহারের চাপ দিতে খুন ধর্ষণের হুমকি, আক্রান্ত বিজেপি প্রার্থীদের নিয়ে সোজা রাজভবনে সুকান্ত

আমাদের ভারত, কলকাতা, ১৯ জুন: জেলায় জেলায় বিরোধী প্রার্থীদের উপর মনোনয়ন প্রত্যাহারের চাপ দিচ্ছে তৃণমূল কংগ্রেস। কোথাও প্রশাসনের সাহায্যে আবার কোথাও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করছে। মারধর করা, ঘুষ দেওয়া ছাড়াও মনোনয়ন প্রত্যাহারে চাপ দিতে খুন, ধর্ষণের হুমকিও দিয়েছে শাসক দলের কর্মীরা বলে অভিযোগ বিজেপির রাজ্য সভাপতির। তাই মারাত্মক নিরপত্তাহীনতায় ভুগছেন বিজেপি প্রার্থীরা। আজ সেই সব আক্রান্ত বিজেপি প্রার্থীদের নিয়ে সোজা রাজভবনে গেলেন সুকান্ত মজুমদার।

পঞ্চায়েত ভোটে মনোনয়নপত্র জমা থেকেই যে অশান্তি শুরু হয়েছিল তা এখনো অব্যহ্যাত। বরং বিজেপি প্রার্থীদের উপর রাজ্যের শাসক দলের অত্যাচার আরও বেড়েছে। প্রতিনিয়ত চাপ দেওয়া হচ্ছে মনোনয়ন প্রত্যাহারে। আর তা না করলে খুনের হুমকি দেওয়া হচ্ছে। দক্ষিণ ২৪ পরগণার একাধিক এলাকায় তেমনি আক্রান্ত ৩০ জনকে নিয়ে সোমবার রাজভবনে হাজির হয়েছিলেন সুকান্ত মজুমদার। সেই সব আক্রান্তদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল আনন্দ বোস। প্রত্যেকের কাছে তাদের উপর হওয়া অত্যাচারের লিখিত বিবরণ নিয়েছেন তিনি। আক্রান্তদের নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। সুকান্ত মজুমদার জানান, রাজ্যপাল রাজ্য পুলিশের ডিজি, নির্বাচন কমিশনার ও রাজ্যের চিফ সেক্রেটারির সঙ্গে এই বিষয়ে কথা বলবেন।

সুকান্ত মজুমদার বলেন, আজ যে আক্রান্তরা রাজ্যপালের কাছে গিয়েছিলেন তাদের হুমকি দিয়ে বলা হয়েছে মনোনয়ন প্রত্যাহার না করলে খুন করা হবে, এমনকি এলাকায় এখন না থাকলে তিন মাস পরেও খুন করা হবে। এক বৃদ্ধ বিজেপি প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহারের জন্য প্রথমে টাকা ঘুষ দেওয়ার কথা বলা হলে তিনি রাজী না হওয়ায় তার যুবতী মেয়েকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়।

পঞ্চায়েত নির্বাচনের আগেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে রাজভবনের দ্বারস্থ হয়েছে বিজেপি। এর আগে শনিবার রাজ্যপালের কাছে শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করে এসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি। ভোটের আগে ভয়ের বাতাবরণ তৈরি করতে চাইছে তৃণমূল বলে বিজেপি নেতার অভিযোগ। দুই চব্বিশ পরগনা, হাওড়ায় তৃণমূল কংগ্রেস বিজেপিকে নিশানা করেছে। সুকান্ত মজুমদারের দাবি, পঞ্চায়েত হাতছাড়া হওয়ার ভয়ে তৃণমূল সন্ত্রাস চালাচ্ছে

সুকান্তবাবু অভিযোগ করেন মনোনয়ন পর্বের পরই দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তীতে একের পর এক বিজেপি প্রার্থীর বাড়িতে আক্রমণ করা হচ্ছে। বিজেপি প্রার্থীদের প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে। বাসন্তীতে আক্রান্তদের বাড়িতে এর আগে পরিদর্শনেও গিয়েছেন সুকান্ত মজুমদার। আজ হাওড়া জেলার উলুবেড়িয়ায় আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতে দেখা করতে গিয়েছিলেন তিনি। তাঁর দাবি, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন না করায় জনগণের মত প্রকাশের অধিকারকে খর্ব করা হচ্ছে। জনসাধারণ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে না। ভোটের আগে থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবিও তুলেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *