ভোট বয়কটের হুমকি, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর না পেয়ে জলপাইগুড়ি জেলাশাসকের দফতরে প্রতিবাদ গ্রামবাসীদের

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৭ ডিসেম্বর: এবার প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর না পেয়ে জলপাইগুড়ি জেলাশাসকের দফতরের সামনে প্রতিবাদে সামিল হলেন গ্রামবাসীরা। ঘর না পেলে পঞ্চায়েত ভোট বয়কটের হুমকি। বিক্ষোভ দেখিয়ে জেলাশাসকের হাতে স্মারকলিপি তুলে দিলেন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের সঞ্জয় নগর কলোনির বাসিন্দারা।

অভিযোগ, তিনতলা বাড়ি ও পাকা বাড়ি যাদের আছে তাদের ঘর দেওয়া হয়েছে। কিন্তু দিনমজুরের কাজ করেন এরকম বাসিন্দারা আবাস যোজনার ঘরের জন্য আবেদন করেও ঘর পাননি। বার বার গ্রাম পঞ্চায়েত দফতর ও পঞ্চায়েত সদস্যকে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। তাই বাধ্য হয়ে জেলাশাসকের দ্বারস্থ হলেন গ্রামবাসীরা।

সঞ্জয় নগরের বাসিন্দা রামকলি দাস বলেন,
“পাকা বাড়ি আছে চাকরি করে এরকম পরিবারকে ঘর দেওয়া হয়েছে। তালিকায় নাম নেই এরকম বাসিন্দারাও ঘর পেয়েছেন। আমাদের টিনের ঘর অথচ আমাদের ঘর দেওয়া হয়নি। ঘর দিলে ভোট দেব না দিলে ভোট দেব না। আমি একা নই অনেকে ঘর পায়নি। সবাই একসঙ্গে জেলাশাসকের কাছে অভিযোগ জানালাম।”

আরও এক বাসিন্দা গৌরী দাস বলেন, “আমাদের নাম এসেছিল কিন্তু সেই নাম কেটে দোতলা যাদের বাড়ি তাদের ঘর দেওয়া হয়েছে। সামনেই পঞ্চায়েত ভোট, এখন ঘর নিয়ে কোনো কথা বলছে না। জেলাশাসককে অভিযোগ জানাতে এসেছি।”

যদিও জেলাশাসক দফতর সূত্রে জানা যায়, ইতিমধ্যেই ৩১ হাজার প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বাতিল হয়েছে। সব জায়গায় অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *