রাতের অন্ধকারে কয়েক হাজার আনারস গাছ কেটে দিয়ে গেল দুষ্কৃতীরা, চাঞ্চল্য চোপড়ার কালিয়াগছ এলাকায়

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৯ জুলাই: রাতের অন্ধকারে কয়েক হাজার আনারস গাছ কেটে দিয়ে গেল দুষ্কৃতীরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার সোনাপুর অঞ্চলের কালিয়াগছ এলাকায়।

রাতের অন্ধকারে প্রায় দুই বিঘা জমির আনারস কেটে দিয়ে নষ্ট করে দুষ্কৃতীরা। বাগান মালিক হাসিবুর রহমান বলেন, শত্রুতা করে কেউ বা কারা আমার দুই বিঘা জমির আনারস রাতের অন্ধকারে কেটে নষ্ট করে দেয়। পার্শ্ববর্তী বাগানের মালিক তাকে খবর দিলে সকালে বাগানে গিয়ে দেখেন প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি করে দিয়েছে দুষ্কৃতীরা। কি করবেন বুঝে উঠতে পারছেন না তিনি। এই বাগান করতে যা খরচ হয়েছে তা পুরোটাই ক্ষতি হয়ে গেছে বলে তিনি জানিয়েছেন।

পার্শ্ববর্তী চাষিরা জানিয়েছেন যে, এই এলাকায় পুরোটাই অর্থকারী ফসল বলতে চা এবং আনারস। যেভাবে চা বাগান সহ আনারস বাগানে দুষ্কৃতীরা তান্ডব চালাচ্ছে তা নিয়ে তারা চিন্তিত ও আতঙ্কিত। দিনের পর দিন এমন ঘটনা চলতে থাকলে তাদের মত ক্ষুদ্র চাষিদের বিশাল লোকসানের সম্মুখীন হতে হবে। প্রশাসনের কাছে তাদের বিনীত নিবেদন অবিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করা হোক।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চোপড়া থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *