রাজেন রায়, কলকাতা, ২৬ আগস্ট: ভুয়ো ভ্যাকসিনকাণ্ড প্রকাশ্যে আসার পরই তা নড়িয়ে দিয়েছিল গোটা রাজ্যবাসীকে। বৃহস্পতিবার আলিপুর আদালতে ১০০০ পাতার চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ। মূল অভিযুক্ত দেবাঞ্জন দেব-সহ মোট সাতজনের নাম রয়েছে চার্জশিটে। খুনের চেষ্টা, ষড়যন্ত্র, সম্মিলিত প্রতারণা-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে দেবাঞ্জন দেব-সহ বাকিদের বিরুদ্ধে। চার্জশিটে নাম রয়েছে দেবাঞ্জন দেব, রবীন শিকদার, সুশান্ত দাস, শরৎ পাত্র, অরবিন্দ বৈদ্য, অশোককুমার রায়, কাঞ্চন দেব ও শান্তনু মান্নার। ১৩০ জন সাক্ষী রয়েছেন এই মামলায়।
ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের তদন্ত প্রথমে শুরু করেছিল কসবা থানার পুলিশ। কিন্তু তথ্যভার বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছতেই তদন্তভার যায় লালবাজারের গোয়েন্দা শাখার হাতে। সেই দেবাঞ্জন দেব-সহ অনেককেই এই কাণ্ডে গ্রেফতারও করা হয়। এই ঘটনায় দেবাঞ্জন দেবের কী ভূমিকা ছিল, টিকার নামে যে ভুয়ো তরল দিনের পর দিন সাধারণ মানুষকে শিবির করে দেওয়া হয়েছে তাতে মূলত কী ছিল তার সমস্ত খতিয়ে দেখা হয়েছে কলকাতা পুলিশের তরফে।
টিকার ভায়াল পাঠানো হয় পরীক্ষার জন্য। সেই নমুনা পরীক্ষার রিপোর্ট কী এসেছে তা আদালতের কাছে যেমন তুলে ধরা হয়েছে, পাশাপাশি অভিযুক্ত দেবাঞ্জনকে যারা যারা সহযোগিতা করেছে তারা কে কী ভাবে সহযোগিতা করেছিল, এই ঘটনা সম্পর্কে আগে থেকে কতটা অবহিত ছিল, কেন এই ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প খুলে সাধারণ মানুষকে ঠকানো হয়েছিল এ সংক্রান্ত যা যা তথ্য প্রমাণ এখনও পর্যন্ত তদন্তকারীদের হাতে এসেছে তার সমস্ত উল্লেখ করে এদিন চার্জশিট জমা দেওয়া হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

