বীরভূম জেলা কংগ্রেসে ভাঙন, সহস্রাধিক কর্মীর তৃণমূলে যোগদান

আশিস মণ্ডল, বীরভূম, ১৯ সেপ্টেম্বর: এবার কংগ্রেস ছাড়লেন দলের জেলা সাধারণ সম্পাদক, রামপুরহাট মহকুমা কমিটির সভাপতি গোপাল চন্দ্র দাস। একই সঙ্গে সিপিএম বিজেপি ও কংগ্রেস ছেড়ে সহস্রাধিক কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করেন। তৃণমূলের বীরভূম জেলার নলহাটি ২ নম্বর ব্লক সভাপতি বিভাসচন্দ্র অধিকারীর নেতৃত্বে দলত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানগুলিতে উপস্থিত ছিলেন হাঁসন কেন্দ্রের বিধায়ক অশোক চট্টোপাধ্যায়, দলের জেলা সাধারণ সম্পাদক ত্রিদিব ভট্টাচার্য।

ভদ্রপুরের অনুষ্ঠানে তৃণমূলে যোগদান করেন গোপাল চন্দ্র দাস। তিনি বলেন, “রাজ্যে উন্নয়ন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূম জেলায় উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছেন অনুব্রত মণ্ডল। ফলে বিরোধী দলে থাকা মানে সাম্প্রদায়িক দলকে সমর্থন করা। তাই তৃণমূলে যোগদান করলাম”।

ত্রিদিববাবু বলেন, “এখন শুধু শুরু। আগামী দিনে কোনও বিরোধী দল থাকবে না। সকলেই তৃণমূলে যোগদান করবেন উন্নয়নের জন্য”।

কংগ্রেসের জেলা সভাপতি মিল্টন রশিদ বলেন, “বিষয়টি আমার জানা নেই”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *