স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৩ সেপ্টেম্বর: কন্টেনার থেকে উদ্ধার করা হল কয়েক হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ায়। গ্রেপ্তার করা হয়েছে এক পাচারকারীকে। ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্কর জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ধৃত ব্যক্তিকে শুক্রবার ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চাকুলিয়া এলাকায় একটি ছয় চাকার কন্টেনার থেকে তল্লাশি অভিযান চালিয়ে ১৪ হাজার ৮০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করে চাকুলিয়া থানার পুলিশ। উদ্ধার হওয়া কাফ সিরাপের আনুমানিক বাজার মূল্য প্রায় ২১ লক্ষ টাকা। এই ঘটনায় অজয় শাহ নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত পাচারকারীর বাড়ি বিহারের কিশানগঞ্জ থানার চুড়িপট্টি এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে চাকুলিয়া থানার পুলিশ।

