- প্রতিদিন এরকম ছোট্ট কোনও কথা/বাক্য নিয়ে একটা বিষয় চালু করতে চাই। অনেক কথার উৎস/প্রকৃত অর্থ আমরা অনেকে জানিনা। স্বল্প জ্ঞানে খেলার ছলে এই উদ্যোগ, সবার আশীর্বাদ প্রার্থনীয়। ভুল করলে শুধরে দেওয়ার আর বিরক্ত বোধ করলে অনুগ্রহ করে সতর্ক করে দেওয়ার অনুরোধ।
অশোক সেনগুপ্ত। 🙏🏽
আমাদের ভারত, ১ মে:
৩০/৪/২২-এ অনলাইন আনন্দবাজারে পুলিশের ডিজি-র পদবী মালবীয় দেখে জানতে চাইলাম ওটা মালব্য নয় কেন? ওঁদের সিনিয়র এবং নিষ্ঠাবান সাংবাদিক উজ্জল চক্রবর্তীকে ছোট্ট দেখেছিলাম। এখন অ্যাসিস্টেন্ট এডিটর (বিনয় করে বলেন, হইনি, আমাকে করা হয়েছে)। তিনি উত্তরে জানালেন, “আনন্দবাজার মালবীয় লেখে, হিন্দি বানানেও উনি তাই লেখেন। এটাকে মালব্য করা যাবে না, কারণ Vya নয় Viya…”। অত্যন্ত যুক্তিপূর্ণ।
অনেকে বলেন, লেখেন আচারিয়া। আবাপ লিখত আচার্য। কারণ, ওটাই শব্দের মূল উৎস। এখন কী লেখা হয় জানিনা। একবার তৎকালীন সাংসদ বাসুদেব আচারিয়া অনুরোধ করলেন, তাঁর পদবীটা যেন আচার্য না করা হয়। তাঁর অনুরোধকে মান্যতা দেওয়া হয়েছিল।
অগ্নিমিত্রা নিজের পদবী ‘পল’ বলতে পছন্দ করেন। আমার প্রশ্ন পল মানে কী? পল বলে বাঙালিদের কোনও স্বীকৃত পদবী আছে? পদবীটা অনেকের কাছে শ্রুতিমধুর নয় বলে কী আ-কার বাদ দিয়ে একটু মেমসাহেব হওয়ার চেষ্টা? আমি পাল-ই লিখি। জানিনা অন্যায় করি কিনা।
মালব্য-মালবীয় প্রসঙ্গে আবাপ-র প্রাক্তন উপ বার্তা সম্পাদক শম্ভু সেনের বক্তব্য, “মালবীয় a class of high caste। আসলে নামের ক্ষেত্রে নিয়মটা হল যে যে ভাবে নিজের নাম লেখেন সেই ভাবে লেখা। কেউ যদি মালবীয় লেখেন সেটাই লেখা উচিত। যে কারণে গাওস্কর লেখা হয়। জায়গার নামের ক্ষেত্রেও তাই। গোয়ালিয়র গেলেই দেখা যাবে শহরের সর্বত্র লেখা আছে গ্বালিয়র। তাই আমাদেরও লেখা উচিত গ্বালিয়র।“
চর্চা করলে কোন শব্দটা ঠিক, বুঝতে সুবিধা হবে।

