টালিগঞ্জ যাদের সরকার তাদের: জয়

আমাদের ভারত, হাওড়া, ২ মার্চ: যেভাবে টালিগঞ্জের অভিনেতা অভিনেত্রীরা ঝাঁকে ঝাঁকে বিজেপিতে যোগ দিচ্ছে তাতে মনে হচ্ছে বাংলায় ক্ষমতার পালাবদল এখন শুধু সময়ের অপেক্ষা। কারণ কথায় আছে টালিগঞ্জ যাদের সরকার তাদের। মঙ্গলবার পাঁচলায় ভারতীয় জনতা মোর্চা ট্রেড ইউনিয়নের ডাকে আয়োজিত এক পথসভায় এমনই দাবি করেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য জয় বন্দ্যোপাধ্যায়।

এদিন জয় বলেন, টালিগঞ্জ সিনেমা জগতের পীঠস্থান। ২০১৪ সালে আমি বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই আমার অভিনয় কেড়ে নিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি অভিনয়, যাত্রার পাশাপাশি পুজো উদ্বোধন করাটাও বন্ধ করে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় বিজেপিতে একমাত্র আমি অভিনেতা ছিলাম। আর এখন দলে দলে অভিনেতা অভিনেত্রী বিজেপিতে যোগ দিচ্ছেন। জয় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমার অভিনয় বন্ধ করে যে পাপ করেছিলেন সেটা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছেন। আমরা অরূপ বিশ্বাসের হাত থেকে টালিগঞ্জ কেড়ে নিয়েছি। আর এখন টালিগঞ্জ আমাদের হাতে। এদিন জয় বলেন, এবারের বিধানসভা নির্বাচনে হাওড়া গ্রামীণ জেলার ৫টি আসনে জয়লাভ করে উলুবেড়িয়ার মানুষকে শান্তি দেব। তিনি বলেন, এবারের বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি বাংলায় ক্ষমতায় এসে এই বাংলাকে সোনার বাংলায় রূপান্তরিত করবে।

প্রসঙ্গত, শারীরিক অসুস্থতার জন্য দীর্ঘদিন জয় গৃহবন্দি থাকার পর মঙ্গলবার প্রথম কোনও সভায় বক্তব্য রাখলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *