জনগণের টাকা যারা লুট করেছে আজ তাদের হিসাব দিতে হবে আর তারা সাজাও পাবে: দিলীপ ঘোষ

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৮ অক্টোবর: শনিবার খড়্গপুর রেলওয়ে সুপারভাইজার ট্রেনিং সেন্টারে রোজগার মেলায় আসেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, মুখ্যমন্ত্রী বলছেন শুধু তাদের লোককে অ্যারেস্ট করছেন ইডি। ওদের মন্ত্রীদের বাড়ি যাচ্ছেন ইডি। কেন যাচ্ছেন? উনি বলছেন চক্রান্ত। ৬ কোটি টাকার একটা বাড়ি। শান্তিনিকেতনে একাধিক ফ্ল্যাট, তার পিএ’র তিনটে চারটে করে ফ্ল্যাট। অবৈধ বহু টাকা সাদা হয়েছে। তার তথ্য এখন সামনে বের হচ্ছে, আরো অনেক বেরোবে। মমতা ব্যানার্জির পরিবারও দুর্নীতির সঙ্গে যুক্ত। তাদের মন্ত্রীও দুর্নীতির সঙ্গে জড়িত। এইটা তো আজ সামনে আসছে, উনি চক্রান্ত বললে কি করে হবে? জনগণের টাকা যারা লুট করেছে আজ তাদের হিসাব দিতে হবে এবং তার সাজাও পাবে।

পাশাপাশি তিনি আরো বলেন, অনেক অপকর্ম উনি করেছেন এবং বাকিবুরের মতো কিছু দালাল আছে এরা বিভিন্ন নেতার সঙ্গে যুক্ত এরাই শত শত, কোটি কোটি টাকার মালিক। তারা নেতাদের টাকা নিয়ে এসে নেওয়া দেওয়া করতো। সেইসব তথ্য সামনে আসছে। তদন্ত যত এগোবে আরও তথ্য সামনে আসবে। জ্যোতিপ্রিয় মল্লিকের আশেপাশে ওর যত ড্রাইভার, পিএ রয়েছে সবাই দুর্নীতির সঙ্গে যুক্ত। আমার মনে হয় এদের সবাইকে ডেকে তদন্ত করা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *