স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৯ মার্চ: কৃষ্ণনগর উত্তর বিধানসভার তৃণমূল প্রার্থী টলিউড অভিনেত্রী কৌশানী মুখার্জির নাম ঘোষণার পর থেকেই তৃণমূল দলের অন্দরের একাংশের মধ্যে চলছিল চাপা ক্ষোভ। বহিরাগত প্রার্থীকে তারা মেনে নেবেন না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন দলের উচ্চ নেতৃত্বকে। কিন্তু তারপরও দিদি তার প্রার্থী তালিকার কোনও রকম পরিবর্তন করেননি। কৃষ্ণনগরের হোটেল হাভেলিতে এক সাংবাদিক সম্মেলনে টলিউড অভিনেত্রী কৌশানী মুখার্জিকে এ প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে তাঁর উত্তরে তিনি বলেন, আমার মনে হয় যে তাঁদের সঙ্গে আমার এখনো পরিচিতি হয়নি যে তাঁরা আমার বিরুদ্ধে বলবে। যারা আমাকে চেনে না, জানে না তাঁরা আমার সঙ্গে মিশলে তাদের মনোভাব অনেকটাই পাল্টে যাবে। মানসিকতা মানুষের ব্যক্তিগত ব্যাপার।
এরপর তিনি বলেন, আমি আমাকে দেখিয়ে ভোট চাইতে আসিনি। আমার কাছে দিদিই সব। লোকসভা, বিধানসভার ভোট আলাদা। লোকসভা ভোটে কৃষ্ণনগর উত্তরের মানুষ কেন মুখ ফিরিয়ে নিয়েছিল তৃণমূল থেকে এবং কোথায় খামতি আছে তা দেখতে পায়ে হেঁটে মানুষের দরজায় দরজায় যাব। একজন সাধারণ প্রার্থী হলে মানুষ যেভাবে তাকে পাবে আমাকেও ঠিক সেইভাবেই পাবে কৃষ্ণনগরবাসী। আমি কৃষ্ণনগরে গাড়ি করে হাত নাড়াতে আসিনি, মানুষের ঘরে পৌঁছাতে এসেছি। যার যা যা সমস্যা আছে সেটা আমি সমাধান করব।

