দুয়ারে রেশন প্রকল্পে কাঁটা! পুজোর সময় বেঁকে বসলেন রেশন ডিলাররা

রাজেন রায়, কলকাতা, ১ অক্টোবর: রাজ্যের সমস্ত মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাবে রেশন। বিধানসভা নির্বাচনের সময় এমনটাই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু করোনা অতিমারীর সময়ে মানুষকে অতিরিক্ত রেশন দেওয়ার কথা মুখ্যমন্ত্রী বললেও তা মানুষের কাছে পৌছে দেওয়া সম্ভব নয়। অনেকক্ষেত্রেই সময় বা লোকবল নেই রেশন ডিলারদের। সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস ডিলার ফেডারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু।

এদিন সাংবাদিক বৈঠক তিনি সরাসরি জানিয়ে দেন, দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে দিতে যা টাকা লাগবে তা রাজ্য দিতে পারছে না। আর পুজোর মরসুমে কাঁধে করে বয়ে মাল সরবরাহও সম্ভব নয়। তাঁর মন্তব্য, “দুয়ারে রেশন’ সম্ভব নয়। কোনওভাবেই সম্ভব নয়।”

উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলক প্রকল্প হিসেবে রাজ্যজুড়ে দুয়ারে রেশন প্রকল্পের কাজ শুরু করেছে খাদ্য দফতর। যদিও এর আগেও রাজ্যের খাদ্য মন্ত্রী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং পাইলট প্রোজেক্ট হিসাবে দুয়ারে সরকার চালু করার ব্যাপারে বিশ্বম্ভরবাবুদের সঙ্গে আলোচনা করেছেন। তারা অসুবিধার কথা জানিয়েছে। অন্যদিকে রেশন ডিলারদের সংগঠনের পাঠানো চিঠির প্রেক্ষিতে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ-ও জানিয়েছিলেন, এভাবে মাঝপথে তাঁরা প্রকল্প বন্ধ করে পিছু হঠতে পারবেন না। চিঠিতে রাজ্যকে অক্টোবর মাসের বদলে নভেম্বরে শুরু করতে আবেদন করেছিল রেশন ডিলার সংগঠন। কিন্তু পরীক্ষামূলক ভাবে শুরু করতে চাওয়া এই প্রোজেক্ট আর পিছোতে রাজি হয়নি সরকার। তবে এবার সরাসরি তারা বেঁকে বসায় এই প্রকল্পটি প্রশ্নের মুখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *