খড়গপুরের নেতাজি ব্যায়ামাগারের এবারের থিম আরব্য রজনীর আলাদিন

পার্থ খাঁড়া, পশ্চিম মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর: রেলশহরে পুজোর প্রস্তুতি এখন তুঙ্গে। খড়গপুরের সেরা পুজোগুলির মধ্যে অন্যতম নেতাজি ব্যায়ামাগার তালবাগিচা সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো। এই বছর ৫৩ তম বর্ষে এই পুজোর থিম ‘আলাদিন’। এই থিমের মাধ্যমে আরব্য রজনীকে মণ্ডপে তুলে ধরতে চাইছেন উদ্যোক্তারা।

২০১৭ সাল থেকে টানা তিন বছর জেলার ‘সেরার সেরা পুজো’র তকমা পেয়েছিল এই পুজো। কিন্তু করোনাকালীন পরিস্থিতিতে গত দুই বছর আয়োজনে কিছুটা তাল কেটেছিল। এই বছর তাই সেই খামতি দূরে সরিয়ে পুজো আয়োজনে নেমেছেন পুজো কমিটির সদস্যরা। এবার প্রায় ৩০ লাখ টাকা বাজেট। ‘আলাদিন’ থিমের মাধ্যমে আরব্য রজনীর জনপ্রিয় চরিত্রকে কেন্দ্র করে আরব্য রূপকথার রাজ্য ফুটে উঠতে চলেছে মণ্ডপে।

দুর্গোৎসব কমিটির সম্পাদক অনিন্দ্য ভট্টাচার্য্য জানালেন, গত দুই বছরের করোনা পরিস্থিতি সামাল দেওয়ার পর এই বছরে পুনরায় জেলার সেরা পুজো হয়ে উঠতে তৎপর তাঁরা। তাঁদের আশা, পুজোর দিনগুলোতে দর্শনার্থীদের ব্যাপক ভিড় হবে। তাই অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মহিলা, পুরুষ এবং ভিআইপি দর্শনার্থীদের জন্য তৈরি হচ্ছে পৃথক তিনটি প্রবেশ ও বাইরে যাওয়ার পথ। বসছে সিসিটিভি ক্যামেরা। মন্ডপের সামনের রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণের জন্যও বিশেষ ব্যবস্থা থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *