আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৬ সেপ্টেম্বর: এবার রোমের ভ্যাটিকান সিটি দেখা যাবে অরণ্য সুন্দরীর শাল জঙ্গলের বুকে। এখন কেবলমাত্র সময়ের অপেক্ষা। এবারের ঝাড়গ্রাম শহরের পূর্বাশা সর্বজনীন দুর্গাপুজো কমিটির এবারের পুজোর থিম রোমের ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি নির্মাণের প্রস্তুতির প্রথম পর্যায়ে শুরু হয়ে গেল বুধবার সকালে।

সাড়ম্বরে খুঁটি পুজোর মধ্যে দিয়ে ভ্যাটিকান সিটি নির্মাণের কাজ শুরু করেছেন পুজোর উদ্যোক্তারা। এই বছর এই পুজো ৪১ বছরে পদার্পণ করছে। পুজোর বাজেট রয়েছে আনুমানিক ১৫ লক্ষ টাকা। উদ্যোক্তারা জানান, মহালয়ার দিন সেবায়তনে অবস্থিত মুখবধির স্কুলের সমস্ত ছাত্র-ছাত্রীদের নতুন পোশাক হাতে তুলে দেওয়ার পাশাপাশি মধ্যাহ্ন ভোজনেরও ব্যবস্থা করেছেন উদ্যোক্তারা। ঝাড়গ্রাম শহরের দুর্গাপুজো গুলির মধ্যে বিশেষ নাম ডাক রয়েছে পূর্বাশা ক্লাব পরিচালিত পূর্বাশা সর্বজনীন দুর্গোৎসব কমিটির। প্রতি বছর ভিন্ন ধরনের থিম নিয়ে হাজির হয় এই পুজো কমিটি, ঠাকুরেও থাকে বিশেষ চমক। এই বছর তারা কলকাতার কুমোরটুলি থেকে প্রতিমা নিয়ে আসছেন।
পুজো উদ্যোক্তা ডক্টর প্রণব সাউ বলেন, “ঝাড়গ্রাম শহরবাসীর জন্য আমরা এবছর বিশেষ চমক নিয়ে এসেছি। বিশ্বের পবিত্র শহর রোমের ভ্যাটিকান সিটির আদলে আমাদের পুজো মন্ডপ হচ্ছে। এবার আমাদের পুজো ৪১ বছরে পদার্পণ করেছে। বাজেট রয়েছে ১৫ লক্ষ টাকা। পুজোর পাশাপাশি আমরা বিভিন্ন প্রকার সমাজসেবামূলক কাজও করে থাকি”।

অন্যদিকে, ঝাড়গ্রামের রঘুনাথপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গা পুজোর খুঁটি পুজো হয় এদিন। এই বছর রঘুনাথপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপূজো ৭৪ বছরে পদার্পণ করছে। ডোকরা সহ হারিয়ে যাওয়া বিভিন্ন শিল্পের ছোঁয়ায় মন্ডপ তৈরি হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এবছর তাদের পুজোর বাজেট রয়েছে আনুমানিক ৭ লক্ষ টাকা।
পুজোর উদ্যোক্তাদের মধ্যে মধুসূদন কর্মকার বলেন, “ডোকরা ও হারিয়ে যাবার শিল্পকে আমরা মন্ডপে ফুটিয়ে তুলতে চলেছি। আরো বিশেষ চমক রয়েছে যা এখন প্রকাশ করছি না। দর্শনার্থীদের জন্য বিশেষ চমক হিসেবেই তা রাখা হচ্ছে” ।

