আমাদের ভারত, ৮ এপ্রিল:এটিএম থেকে টাকা তুলতে গেলে এবার আর প্রয়োজন পড়বে না এটিএম কার্ডের। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস এমনটাই ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন রিজার্ভ ব্যাংকের তরফে দেশের সমস্ত ব্যাংককে এটিএম কার্ড ছাড়াই টাকা তোলার ব্যবস্থা করার প্রস্তাব দেওয়া হয়েছে। কার্ডের বদলে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই-এর মাধ্যমে টাকা তোলা যাবে।
মনিটারি পলিসির বৈঠকে এই সিদ্ধান্ত ঘোষণা করে শক্তিকান্ত দাস বলেন, বর্তমানে কার্ডলেস পদ্ধতিতে টাকা তোলার সুবিধা কয়েকটি ব্যাংকের মধ্যেই সীমিত রয়েছে। ইউপিআই-এর মাধ্যমে সমস্ত ব্যাংককে এটিএম কার্ড ছাড়াই টাকা তোলার সুবিধা চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে। টাকা লেনদেনের সুবিধার পাশাপাশি কার্ড ছাড়াই টাকা তোলার আরো একটি সুবিধা হল এটি কার্ড স্কিমড, কার্ড ক্লোনিং-এর মত প্রতারণার হাত থেকে অনেকটাই সুরক্ষা পাওয়া সম্ভব।
আরবিআই গভর্নর বলেন, আরবিআই কাস্টমার সার্ভিস স্ট্যান্ডার্ডও এই বিষয়টি খতিয়ে দেখবে। বর্তমানে প্রযুক্তি, উদ্ভাবনী শক্তি, পণ্য ও পরিষেবায় যে পরিবর্তন আসছে এবং ডিজিটাল নির্ভরশীলতা বাড়ছে সে কথা মাথায় রেখেই আরবিআই-এর নথিভুক্ত কাস্টমার সার্ভিস পরিষেবা খতিয়ে দেখার জন্য একটি কমিটিও তৈরি করা হবে।
করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষ এটিএম থেকে টাকা তুলতে যেতেও ভয় পাচ্ছিলেন। সেই সময় কার্ডলেস পেমেন্ট ব্যবস্থা পরিষেবা চালু করেছিল বেশ কয়েকটি ব্যাংক। এসবিআই, আইসিআইসিআই ব্যাংক, অ্যাক্সিস ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদার গ্রাহকরা ডেবিট কার্ড ছাড়াই নিজেদের ফোনের মাধ্যমে টাকা তুলতে পারেন। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে অনলাইন বা ইউপিআই-এর মাধ্যমে আর্থিক লেনদেন পরিষেবা চালু হলে এটিএম প্রতারণায় অনেকটাই কমবে। কার্ডলেস উইথড্রল ফেসিলিটি বা টাকা তোলার জন্য বর্তমানে দৈনিক দশ থেকে কুড়ি হাজার টাকা সীমা দেওয়া রয়েছে। একই সঙ্গে দেশে কয়েকটি কার্ডলেস আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটি নির্দিষ্ট অংকের ট্রানজেকশন ফি নেওয়া হয়।

