সাথী দাস, পুরুলিয়া, ২৭ অক্টোবর: পরম্পরা ও রীতি মেনে পুরুলিয়ার ঐতিহ্যবাহী ‘গরু খুঁটা’ আয়োজিত হয়ে গেল। এক ফসলি জমিতে আমন ধান ফলনের খুশিতে মনোরঞ্জন ও বিনোদনের পুরনো রীতি আজও জিইয়ে রেখেছেন পুরুলিয়াবাসী। সেই মতো এবারেও বিভিন্ন এলাকায় ঘটা করে গরু খুঁটা আয়োজিত হল। পুরুলিয়ার জঙ্গলমহলের বিভিন্ন গ্রামে কালীপুজোর অমাবস্যার পর দ্বিতীয়ার দিন গ্রামের রাস্তার উপর এবং মাঠে মোটা মোটা খুঁটি পুঁতে তাতে শক্তিশালী গরু বা মহিষকে বেঁধে ধামসা মাদল সহযোগে একটি মৃত মহিষের চামড়া দিয়ে তাকে উত্ত্যক্ত করা হয়৷ গরু বা মহিষটি ওই চামড়াটিকে শিং দিয়ে খোঁচা মারে৷ এটাকে গরু খুঁটা বা কাড়া খুঁটা হিসাবে মানা হয়৷
আয়োজকদের কথায়, ধান রোপন শেষ হওয়ার পর গরু বা মহিষকে খুব যত্ন করে খাওয়ানো হয় যাতে পরবর্তী কালে মাঠের ফসল বয়ে নিয়ে আসতে পারে৷ কিন্তু ফসল তোলার পূর্বে কিছু মহিষ ও গরুর অতিরিক্ত শক্তি পরীক্ষা করার জন্য এই গরু বা কাড়া খুঁটার রীতি বলে ধারণা তাঁদের৷

অন্যদিকে, বিনোদন উৎসবের মাঝে ফের দুর্ঘটনা ঘটে আজ। এদিন পুরুলিয়া ২ ব্লকের চরগালি গ্রামে গরুকে উত্যক্ত করতে গিয়ে এক রসিক জখম হন। তাঁর বুকে পেটে আঘাত লাগে। তাঁকে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীনের নাম রোহিণী মাহাতো।
প্রসঙ্গত, সম্প্রতি পুরুলিয়া জেলার পাড়া থানার হাতিমারা গ্রামে কাড়া লড়াইয়ে মৃত্যু হয়েছিল এক দর্শকদের। অসতর্কতা আর অতি উৎসাহের কারণে কাড়ার হামলায় প্রাণ যায় তাঁর। ফের একই ভাবে আহত হলেন আজ।

