আশিস মণ্ডল, রামপুরহাট, ২৭ জানুয়ারি: “কুঁড়ি হবে কিন্তু ফুল ফুটবে না। পাপড়ি বে হবে না।” পুরসভা নির্বাচনের প্রাক্কালে এভাবে বিজেপিকে কটাক্ষ করলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। শুধু তাই নয়, তিনি বলেন, এটা নির্বাচন নয়। তাস খেলা হবে। তাস খেলতে খেলতে নির্বাচন হয়ে যাবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নিজের মেয়ে সুকন্যা মণ্ডলের মঙ্গল কামনায় এদিন তারাপীঠ মন্দিরে মা তারার পুজো দিলেন অনুব্রত মণ্ডল। সঙ্গে ছিলেন বিধান সভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, লাভপুর, ময়ূরেশ্বর, নলহাটি বিধানসভার বিধায়ক অভিজিৎ সিংহ, অভিজিৎ রায় ও রাজেন্দ্র প্রসাদ সিংহ। পুজো দেওয়ার আগে মন্দিরে সাংবাদিকদের মুখোমুখি হন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, “এবার কুঁড়ি হবে, কিন্তু ফুল ফুটবে না। পাপড়ি বের হবে না”। পুরসভা ভোটে মনোনয়নপত্র জমা কি সবাই দিতে পারবে? এই প্রশ্নে ঘুরিয়ে অনুব্রত বলেন, “আমাদের সব আসনে মনোনয়ন জমা করা হবে। বিরোধীরা পারবে কিনা তারা বলতে পারবে। তারা প্রার্থী না পেলে আমি কি করব। আমি তো অন্য দলের প্রার্থী খোঁজার ঠিকে নিইনি। আমি আমার দলের ঠিকা নিয়েছি।” পুরসভা নির্বাচন কেমন হবে? অনুব্রতর কথায়, “এটা নির্বাচন নয়। তাস খেলা। তাস খেলতে খেলতে নির্বাচন হয়ে যাবে।”

দলের বিক্ষুব্ধদের প্রতিও কড়া বার্তা দেন দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বলেন, “দলের কেউ যদি বিরোধিতা করে তাদের পিঠে হাত বুলিয়ে দেওয়া হবে। আদর করা হবে”।

