জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ জানুয়ারি: ঝাড়গ্রামের পর এবার বাঘের আতঙ্ক ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলায়। সোমবার সকালে শালবনি থানার কন্যাবলি গ্রামে নতুন করে অজানা জন্তুর পায়ের ছাপ দেখা যায়। এর ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকার বাসিন্দারা জঙ্গলে যাওয়া বন্ধ রেখে বাড়ির গবাদি পশু গোয়ালেই বেঁধে রেখেছে। ঘটনাস্থল পরিদর্শনের পর বনদপ্তরের কর্মীরা নেকড়ের পায়ের ছাপ বলার চেষ্টা করলেও গ্রামবাসীরা তা মানতে চাইছেন না। তাদের অভিযোগ, ২০১৮ সালেও নেকড়ের পায়ের দাগ বলে বনদপ্তর চালিয়ে দিতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আবিষ্কার হয়েছিল রয়েল বেঙ্গল টাইগার।

গত এক সপ্তাহ ধরে ঝাড়গ্রাম জেলার লালগড় এলাকার কয়েকটি গ্রামে অজানা জন্তুর পায়ের ছাপ দেখে বাঘের আতঙ্ক ছড়ায়। সোমবার সকালে শালবনির কন্যাবলি গ্রামে আশিস মাহাতোর বাড়ির উঠোনে সেরকমই পায়ের ছাপ দেখা যায়।
মেদিনীপুর বনবিভাগের আধিকারিক সন্দীপ বেরিয়াল জানিয়েছেন, পুরো বিষয়টির উপর নজর রাখা হচ্ছে। নেট, খাঁচা ও টোপ হিসেবে ছাগল প্রস্তুত রাখা হয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই।

