ফের নিয়োগ দুর্নীতি! এবার মাদ্রাসা কমিশনকেও জরিমানা করল কলকাতা হাইকোর্ট

আমাদের ভারত, ১৪ জুন: ফের নিয়োগ দুর্নীতি। এবার মাদ্রাসায় নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি নিয়ে তাৎপর্যপূর্ণ রায় দিল কলকাতা হাইকোর্ট। এসএসসি নবম দশম এবং প্রাথমিকের পর এবার মাদ্রাসাতেও নিয়োগের ক্ষেত্রে বেআইনি নিয়োগের অভিযোগ। এর ফলে মঙ্গলবার মাদ্রাসা সার্ভিস কমিশনকে ৭০ হাজার টাকা জরিমানা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জরিমানা করা টাকা সাত জন মামলাকারীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

অভিযোগ, ২০১০ সালে মাদ্রাসায় শিক্ষক নিয়োগ আইনে প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার থাকলেও তা দেওয়া হয়নি। ২০১৩-১৪ সালের নিয়োগ প্রক্রিয়ায় বঞ্চিত হয়েছেন তারা। ২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়। লিখিত পরীক্ষায় পাস করলে প্রশিক্ষণপ্রাপ্তরা অগ্রাধিকার পাবে কিন্তু তা হয়নি। আদালত জানিয়েছে নিয়োগ না করে মাদ্রাসা সার্ভিস কমিশন বেআইনি কাজ করেছে।

আদালত বলেছে, কমিশনকে ১৫ দিনের মধ্যে অগ্রাধিকার দিয়ে নাম সুপারিশ করতে হবে। ভবিষ্যতেও শূন্যপদে অগ্রাধিকার দিতে হবে।

অন্যদিকে, সোমবারই প্রাথমিক নিয়োগে দুর্নীতিতে চাকরি গেছে ২৬৯ জনের। ২০১৬ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। সব মিলিয়ে মোট ২৬৯ জন এমন শিক্ষকের নাম আছে। সকলেরই অবিলম্বে বেতন বন্ধ করার নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তারা যাতে কোনো ভাবে স্কুলে প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতে বলা হয়েছে। এছাড়াও এতদিন এই শিক্ষকরা যে বেতন পেয়ে এসেছেন তার সব ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এবার মাদ্রাসা সার্ভিস কমিশনের জরিমানা করল আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *