রাজেন রায়, কলকাতা, ২২ মার্চ: সিপিএম-তৃণমূল বিজেপির পর এবার নিজেদের ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস। সোমবার বিধান ভবনে প্রদেশ কংগ্রেসে সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বাংলার দিশা নামে দলীয় ইস্তাহার প্রকাশ করেন। মূলত আটটি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে বলে জানান তিনি।
তিনি ইস্তাহার প্রকাশ করতে গিয়ে বলেন, ইস্তাহারে নারী সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, আইনের শাসনের অঙ্গীকার করা আছে। কৃষক এবং চাকরিজীবীদের জন্য রাজ্যে পরিকল্পনা কথা বলা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য ও শিক্ষার অঙ্গীকার করা হয়েছে। রাজ্যের স্থিতিশীল উন্নয়নের জন্য শিল্পের দিকে কংগ্রেসের ইস্তাহারে জোর দেওয়া হয়েছে বলেও জানান অধীর চৌধুরী। ইস্তাহারে শিল্প ও সংস্কৃতির সমন্বয় রক্ষা করার অঙ্গীকার করা হয় কংগ্রেসের তরফে।
ইস্তাহার প্রকাশের সময় অধীর চৌধুরী বলেন, ‘কংগ্রেসকে নিয়ে কিছু বলার থাকলে পোর্টালে বলুন। হাত বাড়ান, বাংলা বাঁচান, আমরাই বাংলার জন্য একমাত্র বিকল্প। একই বৃন্তে দুটি ফুল, বিজেপি আর তৃণমূল।’ অধীর চৌধুরী বলেন,‘প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ থাকবে। ইচ্ছা থাকলেও অনেককে জায়গা দেওয়া সম্ভব হয়নি। ২০১৬ সালের থেকে আসন্ন নির্বাচনে কংগ্রেসের ওপর আশা ভরসা বেড়েছে। গত নির্বাচনে কংগ্রেসের টিকিট পাওয়া নিয়ে এই ধরনের প্রতিযোগিতা দেখিনি।’

