আমাদের ভারত, ৯ আগস্ট: রাজ্য সরকারের দুয়ারে রেশন প্রকল্পের জন্য স্কুলের ক্লাস রুমকে কাজে লাগানো হতে পারে। সম্প্রতি এমনই এক বিজ্ঞপ্তির কথা প্রকাশ্যে এসেছে। উচ্চ শিক্ষা দপ্তরের জেলা পরিদর্শকের অফিস থেকে খড়্গপুর মহকুমার জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ওই মহকুমার অধীনে থাকা উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, প্রাথমিক স্কুল ও মাদ্রাসা গুলোতে স্কুলের একটি করে ঘর দুয়ারে রেশন প্রকল্পের জন্য বরাদ্দ করতে হতে পারে। আর সেই বিজ্ঞপ্তি সামনে আসতেই বিতর্ক তুঙ্গে উঠেছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে স্কুলের কোনো অতিরিক্ত ঘর থাকলে তা দিতে হবে দুয়ারে রেশন প্রকল্পের জন্য। সেখানে রাখা হবে প্রকল্পের মালপত্র। সেই ঘর থেকে স্থানীয় এলাকার প্রকল্পের মালপত্র বিলি করা হবে। কিন্তু প্রশ্ন উঠেছে স্কুলে এভাবে খাদ্যশস্য মজুদ কি রাখা যায়? ২১ জুলাই মহাকুমা পর্যায়ে ডেভলপমেন্ট মনিটরিং কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। একইসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোটা প্রক্রিয়া অস্থায়ী।
তৃণমূলের তরফে বলা হয়েছে, সব স্কুলের ক্ষেত্রে ওই বিজ্ঞপ্তিটি প্রযোজ্য নয়। যাদের বড় বিল্ডিং রয়েছে পর্যাপ্ত কাজের জায়গা আছে কেবল মাত্র সেই স্কুলকেই এই কাজে ব্যবহার করা হবে। তাছাড়া স্কুল যেমন সমাজে গুরুত্বপূর্ণ। ঠিক তেমনি রেশন ব্যবস্থাও জরুরি। তাই বিষয়টিকে তির্যক চোখে না দেখাই ভাল। সমালোচকরা বলছেন, শিক্ষা ক্ষেত্রকে যদি রেশন পরিষেবার কাজে ব্যবহার করা হয়, তাহলে তো স্কুলের শিক্ষার পরিবেশ নষ্ট হয়ে যাবে। কারণ স্কুলের ভিতরে যদি রেশনের মাল নিয়ে যাতায়াত করা হয় তাহলে শিক্ষার পরিবেশ বজায় রাখা কঠিন হয়ে উঠবে।

