রাজেন রায়, কলকাতা, ৬ মে: করোনা সংক্রমণ আটকাতে এর আগেই আরটিপিসিআর টেস্টের ফরমান জারি হয়েছিল বিমান পরিষেবায়।এবার সেই প্রায় একই ঘোষণা করল পূর্ব রেল।
বৃহস্পতিবার জারি করা ওই নির্দেশিকায় বলা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে বাধ্যতামূলক ভাবে ভিন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আসা প্রত্যেক যাত্রীকে আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট আনতে হবে। সেই রিপোর্ট করাতে হবে আসার আগে তিনদিন অর্থাৎ ৭২ ঘন্টার মধ্যেই। তাছাড়া ট্রেনে করে রাজ্যে পৌঁছনোর পরেও নির্দিষ্ট ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর’ মানতে হবে। রাজ্যে পৌঁছনোর পরে অন্তত ৭ দিন হোম আইসোলেশনে থাকতে হবে। এই সময়ে জ্বর, শ্বাসকষ্ট, কফের সমস্যা হলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে বা কোভিড হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে হবে।
অন্যদিকে কলকাতা মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, করোনা পরিস্থিতির জন্য শুক্রবার থেকে প্রত্যেকদিন ২৩৮ টি মেট্রোর বদলে ১৯২ টি মেট্রো চলবে। দক্ষিণেশ্বর ও দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮ টায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে সন্ধ্যা ৭ টা ৪৮ মিনিটে। দমদম ও দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৮ টায়। রবিবার সকাল ১০ টা থেকে দমদম ও দক্ষিণেশ্বরগামী মেট্রো পরিষেবা চালু হবে। ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা একই রকম চালু থাকবে। আর আগেই মত কোনও টোকেন নয়, একমাত্র স্মার্ট কার্ডেই যাতায়াত সম্ভব হবে। সমস্যা হলেও তা মেনে নিচ্ছেন মেট্রোযাত্রীরা। দ্রুত সমস্ত কিছু স্বাভাবিক হোক, এটাই চাইছেন সকলে।

