আমাদের ভারত, ২ মে: সব জল্পনার অবসান ঘটিয়ে এবার সরাসরি রাজনীতির ময়দানে নামলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। সোমবার সোশ্যাল মিডিয়ায় নিজের দলের নাম ঘোষণা করেছেন পিকে। দলের নাম রেখেছেন “জন সূরজ”। তার দল বিহার থেকেই কাজ শুরু করবে।
বরাবরই জনতার মন ও চাহিদা বুঝে চলেছেন পিকে। ভোট-কুশলী হিসেবে কাজ করার সময় এটাই তার সাফল্যের অন্যতম ইউএসপি। জনগণের মন ভালো করে বুঝতে পারেন বলেই বেশীরভাগ নির্বাচনের ফলাফল মিলিয়ে দিয়েছেন তিনি। তাই নিজের রাজনৈতিক দলের ক্ষেত্রেও সেই জনগণকেই তিনি প্রাধান্য দিয়েছেন।আনুষ্ঠানিকভাবে নিজের দল ঘোষণা করতে গিয়ে টুইটারে তিনি লিখেছেন, জনতার জন্য পরিষেবা আর সেটাই “জন সূরজে”র মূল ভিত্তি।
ইঙ্গিত খানিকটা ছিল। বার বার কংগ্রেসের সঙ্গে আলোচনায় বসলেও সবটা ভেস্তে গেছে। তখনই তিনি যে বড় পদক্ষেপ করতে পারেন সেটা আঁচ করতে শুরু করেছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা। অনেকেই বলেছিলেন অন্য কোনো দলের সঙ্গে নয় এবার নিজেই রাজনৈতিক দল তৈরি করে ভোটের ময়দানে নামবেন পিকে। কারণ নিজে ধারাবাহিক ভাবে সোশ্যাল মিডিয়ায় রাজনীতির ময়দানে নামার ইঙ্গিত দিয়েছিলেন পিকে। আর সেই মতো সোমবার সকালে জন সূরজের আগমন বার্তা প্রকাশ্যে আনলেন।
টুইটারে প্রশান্ত কিশোর লিখেছেন ১০ বছরের চড়াই-উতরাই এর মধ্যে দিয়ে অনেকটা সময় পেরিয়েছে ভারতের রাজনীতি। কিন্তু জনতার কাছে সেভাবে কেউই পৌঁছাতে পারেনি। প্রকৃত অর্থ গণতন্ত্রের ফুটে ওঠেনি। তাই এবার সেই লক্ষ্য স্থির রেখে জন সূরজ তিনি গড়লেন। তিনি ব্যক্তিগত ভাবেও দীর্ঘ সময় রাজনীতি করেছেন। বিহারের মাটি থেকে নীতিশ কুমারের জেডিইউ-এর দীর্ঘদিনের সদস্য হিসেবে কাজ করেছেন। বিহারের মুখ্যমন্ত্রীর সঙ্গে তার সম্পর্ক দৃঢ় বলেই সম্ভবত বিহার থেকেই নিজের দলের কাজ শুরু করলেন।

