স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৯ ডিসেম্বর: নতুন করে এবার রানাঘাটে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর বিশ্ববিদ্যালয় করার বিষয়েও আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর বিশ্ববিদ্যালয় রানাঘাটে হলে উত্তর ২৪ পরগনার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে যাতায়াতের ক্ষেত্রে। এছাড়াও নদিয়া জেলার প্রতিটি ঘরে ঘরে যাতে পানীয় জল পৌঁছাতে পারে সেই দিকে বিশেষভাবে নজর দিতে নির্দেশ দেন প্রশাসনকে। এই প্রকল্পগুলির কাজ যাতে অতি দ্রুত শুরু হয়ে যায় তার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। এছাড়াও চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপে সংস্কৃত বিশ্ববিদ্যালয় গড়ে তোলার বিষয়ে আলোকপাত করেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি মায়াপুর ইসকন মন্দিরকে কেন্দ্র করে পর্যটন শিল্পের জন্য যে জমি প্রদান করা হয়েছিল সরকারের পক্ষ থেকে সেখানে পর্যটন শিল্প গড়ে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে নির্দেশ দেন জেলা প্রশাসনকে।

