আমাদের ভারত, দার্জিলিং, ১৮ নভেম্বর: রাজ্য রাজনীতিতে পাহাড় সবসময় শিরোনামেই থাকে। কখনও পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের আন্দোলনের জন্য, তো কখনও বিমল গুরুংয়ের প্রত্যাবর্তন, আবার কখনও মোর্চার ভাঙন। কিন্তু এখন পাহাড়ে যেন নতুন দল গড়ার প্রতিযোগিতা চলছে।
সম্প্রতি অনিত থাপা মোর্চা ছেড়ে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা নামে নতুন দল গড়ে ফেলেছেন। বিনয় তামাং ও অনিত থাপার মধ্যে একটা ঠান্ডা যে লড়াই চলছিল তার প্রতিফলন হল নতুন দলে। আবার একইভাবে জিএনএলএফ সভাপতি মন ঘিসিংয়ের সঙ্গে তার দলের নেতা অজয় এডওয়ার্ডের একটি ঠান্ডা লড়াই চলছিল। তার জেরেই অজয় দল থেকে ইস্তফা দেন। পরে জানিয়েও ছিলেন তিনি নতুন কিছু করবেন। এরপর থেকে তিনি গোটা পাহাড় চষে বেড়ান। নিজের রাজনৈতিক জমি ঠিক করতে পাহাড়ের বাসিন্দাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন। তখন তিনি বারবার বলেছিলেন দল গড়ব কিন্তু মানুষের রায় নিয়ে। সেই মতই এদিন সকালে তিনি ঘোষণা করেন প্রচুর মানুষ তাকে নতুন দলের জন্য নাম পাঠিয়েছেন। তাদের পাঠানো নামের মধ্যে সেরা ৪টি নাম বাছাই করে ভোটাভুটি হবে। তার মধ্যে যেটা বেশি ভোট পাবে সেটাই তার নতুন দলের নাম হবে। সন্ধ্যায় মিরিকে তিনি জানিয়ে দেন যে সকল নাম অনুরাগীরা পাঠিয়েছেন তাদের মধ্যে জন শক্তি, জনতা কল্যাণ পার্টি, জন আওয়াজ ও হামরো পার্টি এই চারটে নাম বাছাই করা হয়েছে। আগামী সাতদিন এই চারটে নামের মধ্যে সেরা নাম বাছাই করার জন্য ভোটাভুটি হবে। তারপর সাতদিন পর তিনি নতুন দল ঘোষণা করবেন।

এপ্রসঙ্গে অজয় এডওয়ার্ড বলেন, পাহাড়ের মানুষ আমার পাশে রয়েছে। তার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমার কাছে তারা ১২২টি নাম পাঠিয়েছিল। তার মধ্যে থেকেই সেরা ৪টি বাছাই করা হয়েছে। আমি বলেছিলাম আমার দল মানুষের দল হবে। তাই তাদের পছন্দ করা নামই হবে আমার নতুন দলের নাম। সাতদিন পর আমরা আমাদের নতুন দলের চুড়ান্ত নাম ঘোষণা করে দেবো। সেদিনই আশাকরি পতাকা ও রঙ ঘোষণা হয়ে যাবে। আর তখনই আমি আমার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করবো।

