রাজেন রায়, কলকাতা, ১২ ফেব্রুয়ারি: ভোটের আগে রক্তক্ষরণ অব্যাহত তৃণমূলে। শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়ের পর এবার তৃণমূল থেকে সরে গেলেন ব্যারাকপুরের প্রাক্তন সংসদ তথা রাজ্যসভার সাংসদ দীনেশ ত্রিবেদী। তৃণমূল ছাড়া সঙ্গে রাজ্যসভার সাংসদ পদেও ইস্তফা দিয়েছেন তিনি। অনেকেই মনে করছেন, তাঁর বিজেপিতে যাওয়া সময়ের অপেক্ষা।
সাধারণভাবে রাজ্যসভায় খুব একটা কথা বলার সুযোগ পান না দীনেশ ত্রিবেদী। কিন্তু এদিন নজিরবিহীনভাবে রাজ্যসভায় কথা বলার সুযোগ পাওয়া মাত্রই তিনি বলেন, “দমবন্ধ হয়ে আসছে। অন্তরাত্মা ডাক দিয়েছে। অন্তরাত্মার ডাক শুনতে হয়। তবে আমি রাজ্যের মানুষের জন্য কোনও কাজ করতে চাই।’ এর পরই তিনি তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করেন।
একসময় দীনেশ ত্রিবেদী রেলমন্ত্রী ছিলেন, পরে তাঁকে সরিয়ে দেওয়া হয়। পরবর্তীকালে ব্যারাকপুরের লোকসভা সাংসদ পদে জয়লাভ করেন। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে অবশ্য হেরে যান। এরপর তাঁকে রাজ্যসভায় পাঠানো হয়। তবে দলে তাঁর গুরুত্ব অনেকটাই কমে গিয়েছিল। দীনেশ ত্রিবেদীর দল ছাড়া নিয়ে সৌগত রায় বলেন, “যে কেউ দল ছাড়লেই খারাপ লাগে। এবারও খারাপ লাগছে।”

