গুলাব যেতে না যেতেই এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় শাহিন

রাজেন রায়, কলকাতা, ২৯ সেপ্টেম্বর: ঘূর্ণিঝড় গুলাবের প্রভাব কাটার আগেই ফের আশঙ্কার বানী শোনাল মৌসম ভবন। গুলাবের প্রভাবে আরও একটি ঘূর্ণিঝড় হতে পারে, আবহবিদরা এমনই সতর্কবার্তা দিয়েছেন। এদিকে দুদিন ভারী বর্ষণের সম্ভাবনা জানাল আলিপুর হাওয়া অফিস। মূলত গুলাব ঘূর্ণিঝড়ের প্রভাব এ রাজ্যে পড়বে না ঠিকই। কিন্তু সেটা ভেঙে নিম্নচাপে পরিণত হবে, আর যার জেরে ভারী বৃষ্টি হবে গোটা দক্ষিণবঙ্গে।

একটা ঝড় যেতে না যেতেই ফের আরও একটা ঝড়ের আশঙ্কা। বলা হচ্ছে যে গুলাবের লেজ ধরেই এই ঝড়ের আগমন। বৃহস্পতিবার উত্তর-পূর্ব আরব সাগর এবং গুজরাত উপকূলে ফের একটি ঘূর্ণাবর্ত আবির্ভূত হওয়ার সম্ভাবনা।

মৌসম ভবন জানিয়েছে, সম্ভবত শুক্রবারে সিস্টেমটি আরও তীব্র আকার ধারণ করতে পারে, যার জেরে ঘূর্ণিঝড় ‘শাহিন’ তৈরি হতে পারে।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনাতেও হতে পারে ভারী বৃষ্টি। সঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় সেই হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার। বুধবারও দুই ২৪ পরগনা, কলকাতা, দুই মেদিনীপুর-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুর্যোগের আশঙ্কায় মৎস্যজীবীদের আপাতত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *