এবার উত্তর দিনাজপুর জেলার সমস্ত কলেজ থাকবে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধীনে, জারি সরকারি নির্দেশিকা

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৭ ডিসেম্বর: উত্তর দিনাজপুর জেলার সমস্ত কলেজে এবার থেকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধীনে পঠনপাঠন হবে। এরই পরিপ্রেক্ষিতে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর থেকে নির্দেশ এসে পৌঁছেছে। আর এই ঘটনায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া ছড়িয়েছে জেলার শিক্ষা মহলে।

নবগঠিত রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধীনে জেলার দুটি কলেজ থাকলেও রায়গঞ্জ, ইটাহার, ইসলামপুর সহ বেশকিছু ব্লকের কলেজ মালদা জেলার গৌড়বঙ্গ  বিশ্ববিদ্যালয় এবং দার্জিলিং জেলার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ রয়েছে। ফলে একটি জেলায় অবস্থিত সমস্ত কলেজ একটি বিশ্ববিদ্যালয়ের অধীনে উচ্চশিক্ষা প্রক্রিয়া সম্পন্ন হলে স্বাভাবিক ভাবে অনেকটাই সুবিধা হবে পড়ুয়াদের বলেও দাবি ওয়াকিবহাল মহলের।

উল্লেখ্য, ২০১৫ সালে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় গঠিত হয়। তবে ইটাহারের ডক্টর মেঘনাদ সাহা কলেজ, কালিয়াগঞ্জ কলেজ, রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় ও ডালখোলার অগ্রসেন কলেজ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে থেকে যায়। অন্যদিকে, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে থেকে যায় ইসলামপুর ও চোপড়া কলেজ। একই জেলার মধ্যে
বিভিন্ন কলেজ তিনটি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ হয়ে যাওয়ায় জটিলতার সৃষ্টি হচ্ছিল পড়ুয়াদের মনে। স্বাভাবিকভাবেই জেলার সমস্ত কলেজগুলো  একটি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ করার দাবি উঠছিল দীর্ঘদিন থেকেই।

এব্যাপারে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকার বলেন, নির্দেশিকা এসেছে। বিষয়টি নিয়ে আমরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে সর্ব সম্মতি ক্রমে একটি সিদ্ধান্তে আসার চেষ্টা করছি।আগামী ২০২২ সালের চালু হওয়া শিক্ষাবর্ষ থেকে এই প্রক্রিয়া চালু হবে। এব্যাপারে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে। এই প্রক্রিয়া চালু হলে উপকৃত হবে উত্তর দিনাজপুর জেলার পড়ুয়ারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *