স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৩ জুলাই:
ভুয়ো আইএএস বা ভুয়ো সিআইডি অফিসারের পর এবার ভুয়ো চিকিৎসকের হদিস পাওয়া গেছে। নদিয়ার কল্যাণী থেকে পুলিশ আজ এক ভুয়ো চিকিৎসককে আটক করেছে।

এ আর ফারুকী নামে ওই চিকিৎসক নিজেকে গ্যাস্ট্রো এন্টারোলজিস্ট ও ডায়াবেটোলজিস্ট পরিচয় দিয়ে অন্য চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে প্র্যাকটিস চালাচ্ছিলেন বলে অভিযোগ। আজ দুপুরে পুলিশ তাঁকে শহরের ‘এ’ ব্লকের একটি ওষুধের দোকানের চেম্বার থেকে আটক করে। জিজ্ঞাসাবাদের পর জানা যায় যে, ওই চিকিৎসক নিজেকে এমডি থেকে শুরু করে ডিএনবি ডিগ্রি প্রাপ্ত সহ একাধিক বিদেশি ডিগ্রির অধিকারী বলে প্রেসক্রিপশনে লিখতেন। এ সবই ভুয়ো। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


