কুমারেশ রায়, পশ্চিম মেদিনীপুর, ২০ মার্চ:
জয় বাংলা এবং জয় শ্রীরাম স্লোগানে কেঁপে উঠল মেদিনীপুর রেল স্টেশন। এক পক্ষ যখন জয় বাংলা স্লোগান দিচ্ছে অপরপক্ষ তখন গলা ফাটিয়ে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে। আজ সকালে এই স্লোগানে কেঁপে উঠেছিল এলাকা। আর এই স্লোগানের মধ্য দিয়েই মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ এবং এলাকার বিধায়ক জুন মালিয়া একটি ফুটওভার ব্রিজের উদ্বোধন করলেন। তবে দু’পক্ষের এই শ্লোগান চলতে থাকলেও কোনও রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
দক্ষিণ-পূর্ব রেলের অন্যতম স্টেশন মেদিনীপুরের দ্বিতীয় ফুট ওভারব্রিজের উদ্বোধনে এলেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ। এদিন তিনি রেল আধিকারিকদের সঙ্গে নিয়ে ফুট ওভার ব্রিজের উদ্বোধন করেন। প্রসঙ্গক্রমে বলা যায় জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরে রেল স্টেশনে বহুদিন ধরে ফুট ওভারব্রিজের দাবি উঠেছিল। কারণ এই স্টেশন দিয়ে ১৯ জোড়া এক্সপ্রেস ট্রেন এবং ১৬ জোড়া প্যাসেঞ্জার ট্রেন যাতায়াত করে।এই অবস্থায় একটি ফুট ব্রিজের উপর চাপ ছিল দীর্ঘদিনের। তাই সাধারণ মানুষ এবং রেলযাত্রীদের আবেদন ছিল আরেকটি ফুট ব্রিজের।
সেই আবেদনে সাড়া দিয়ে অবশেষে দ্বিতীয় ফুট ব্রিজের কাজ শুরু হয় এবং আজ তার উদ্বোধন হলো ঘটা করে। রেলের পক্ষ থেকে এই অনুষ্ঠানে মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ ছাড়াও স্থানীয় তৃণমূল বিধায়ক জুন মালিয়াকেও আমন্ত্রণ জানানো হয়েছিল।
জুন মালিয়া এবং দিলীপ ঘোষ যখন ফুটওভার ব্রিজের উদ্বোধন করেছিলেন তখন বিজেপি ও তৃণমূল সমর্থকরা স্লোগান দিতে শুরু করে। বিজেপি কর্মী সমর্থকরা জয় শ্রী রাম বলার সঙ্গে সঙ্গে তৃণমূল কর্মী সমর্থকরা জয় বাংলা স্লোগান দেয়। জয় শ্রীরাম জয় বাংলা’ স্লোগানে কেঁপে উঠল এলাকা। এক পক্ষ যখন জয় শ্রীরাম জয় শ্রীরাম ধ্বনি দিতে থাকে তখন অপরপক্ষ জয় বাংলা স্লোগান দিতে থাকে। যদিও রেলের আধিকারিকরা দু’পক্ষকে কোনওভাবেই শান্ত করার চেষ্টা করেননি বরং এই শ্লোগানের মধ্যেই ফুটওভারব্রিজ পরিদর্শন করেন তৃণমূলের মেদিনীপুর বিধায়ক জুন মালিয়া এবং বিজেপির মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।

