ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে এই প্রথম চালু হল ভ্যাকসিনেশন ক্যাম্প

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩০ জুন: এই প্রথম ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে চালু হল সাধারণ মানুষের জন্য কোভিড ভ্যাকসিন কর্মসূচি।
বুধবার নৈহাটির বরা কৃষক মান্ডিতে প্রথম ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এবং নৈহাটি থানার যৌথ উদ্যোগে সাধারণ মানুষদের ভ্যাক্সিনেশন ক্যাম্প শুরু হয়।
তবে আজ এই ক্যাম্প থেকে বয়স্কদের টিকা দেওয়া হয়।

এর আগে ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিভিন্ন জায়গায় বহু সরকারি ও বেসরকারি ভাবে ভ্যাকসিন দেওয়া হয়েছে। কিন্তু এই প্রথম বার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে নেওয়া হল ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত ব্যারাকপুর
মহকুমাতে মোট ১১টি জায়গায় ভ্যাক্সিনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয় আজ। তবে টিকা প্রয়োজনের তুলনায় কম থাকায় এখন ১০০ জনকে টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এই শিবিরে।

নৈহাটির এই শিবিরে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনারেট মনোজ ভার্মা, উপস্থিত ছিলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম এবং নৈহাটির বিধায়ক পার্থও ভৌমিক। তাছাড়াও উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনার (ডিএম) সুমিত গুপ্তা ও ব্যারাকপুরের (এসডিও) অভ্র ভৌমিক।

এদিন ডিএম সুমিত গুপ্তা বললেন, “ব্যারাকপুরে মোট ১১টি জায়গায় ভ্যাক্সিনেশন ক্যাম্প ব্যারাকপুর পুলিশ কমিশনারের আন্ডারে হচ্ছে। ভ্যাকসিনের সংখ্যা খুব কম আসার কারণে প্রত্যেক ক্যাম্পে ১০০ জনকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আগামী দিনে ভ্যাকসিন বেশি পরিমাণে এলে সমস্ত মানুষই পাবেন। তবে এখন প্রয়োজনের তুলনায় কম টিকা আসায় যারা রোজ বাইরে বের হচ্ছেন যেমন পরিবহন কর্মী, সবজি বিক্রেতা, মাছ বিক্রেতা অর্থাৎ যারা বেশি সংখ্যায় মানুষের সাথে মিশছে তাদেরকে আগে টিকা দেওয়া হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *