আমাদের ভারত, ৮ জুন: হিন্দুদের দেবীকে প্রায়শই অপমান করে মন্তব্য করা হয়। তখন কোনো প্রতিক্রিয়া আসে না। আদালতে যেতে হয় আমাদের। নুপুর যা বলেছেন সেটা ওর ব্যক্তিগত মত প্রকাশের অধিকার। হ্যাঁ বিজেপির প্রাক্তন মুখপাত্র নুপুর শর্মার পাশে এভাবেই দাঁড়িয়েছেন বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত।
নবীকে নিয়ে করা বিতর্কিত মন্তব্যের পর সাসপেন্ড হওয়া বিজেপি নেত্রী শর্মার সমর্থনে এগিয়ে এসেছেন অভিনেত্রী কঙ্গনা। বুধবার ইনস্টাগ্রামে কঙ্গনা লিখেছেন নুপুরের ব্যক্তিগত মতামত প্রকাশের অধিকার আছে। এই দেশটা তো আফগানিস্থান নয়। নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যের পর দলের মুখপাত্র ও বিজেপি নেতাদের মুখে লাগাম পড়িয়েছে বিজেপি। অন্যদিকে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন নুপুর শর্মা। কিন্তু তারপরেও তাকে মারধর ও খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ দায়ের হয়েছে। নুপুরের নিরাপত্তা ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ।
এই নিয়ে নেট মাধ্যমে নিজের মতামত প্রকাশ করেন কঙ্গনা রানাওয়াত। তাঁর কথায়, “নুপুর তার মতামত রাখতে পারেন। কিন্তু লক্ষ্য করছি যে তাকে সবরকম হুমকি দেওয়া হচ্ছে।” কঙ্গনা আরও বলেন, “যখন হিন্দু দেবতাদের অপমান করা হয় তখন তো কিছু হয় না। তখন আমাদের আদালতে যেতে হয়।” বলিউড কুইনের সংযোজন, “এটা আফগানিস্থান নয়। আমাদের এখানে একটা সচল সরকার আছে। গণতন্ত্র আছে। যারা ভুলে যাচ্ছেন তাদের আরেকবার মনে করালাম।”

