বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে মুর্শিদাবাদে গুরুতর আহত শিশু

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২০ ডিসেম্বর: মুর্শিদাবাদ জেলার সুতি এবং সামশেরগঞ্জের সীমান্তবর্তী একটি আমবাগানে বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে গুরুতর আহত হল এক শিশু।

জানাগিয়েছে, সাত বছরের এক শিশু তার বন্ধুদের সঙ্গে আমবাগানে খেলতে যায়। সেখানে ছড়িয়ে-ছিটিয়ে ছিল বোমা আর সেই বোমাগুলি নিয়ে বল ভেবে খেলতে শুরু করে ওই শিশু এবং তখনই তাতে বিস্ফোরণ ঘটে। যার জেরে গুরুতর জখম হয় সারফরাজ আহমেদ নামে ওই শিশু। গুরুতর অবস্থায় তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। যদিও ঘটনার তদন্তে ইতিমধ্যেই সামশেরগঞ্জ ও সুতি উভয় থানার পুলিশ এসে পৌঁছেছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করে জানার চেষ্টা করছে কে বা কারা কিসের উদ্দেশ্যে ওই আমবাগানে ছড়িয়ে-ছিটিয়ে বোমাগুলি রেখেছিল। ঘটনার পর জঙ্গিপুর পুলিশ জেলার বোম ডিসপোজাল স্কোয়াডকে খবর দেওয়া হলে তারা বোমাগুলি নিষ্ক্রিয় করার চেষ্টা করছে।

আহত শিশুর পরিবার সূত্রে জানা গিয়েছে, গুরুতর জখম শিশু নিত্য দিনের মতোই সোমবার আমবাগানে খেলতে যায় আর তখনই বোমা গুলিকে বল ভেবে খেলতে গেলে এই বিপত্তি হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর সারফারোজ আহমেদ নামের ওই শিশু বর্তমানে স্থিতিশীল অবস্থায় বাড়িতেই রয়েছে। বোমগুলি আমবাগানে ছড়িয়ে-ছিটিয়ে রেখেছে যারা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন গুরুতর জখম শিশুর পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *