আমাদের ভারত, ২৪ সেপ্টেম্বর: পুজোর ঠিক আগে কলকাতায় এসেছেন মিঠুন চক্রবর্তী। হেস্টিংসের বিজেপির কার্যালয়ে শনিবার এসে পৌঁছান টলিউডের মহাগুরু। বিজেপির প্রাক পুজো সম্মিলনীতে থাকবেন তিনি। একই সঙ্গে উত্তরবঙ্গে পুজো উদ্বোধন করতে যাওয়ার কথা তাঁর। কিন্তু মিঠুনের বঙ্গ সফর ঘিরে বিতর্ক শুরু হয়েছে। কারণ উত্তর দিনাজপুরের সার্কিট হাউসের তাঁর থাকার কথা ছিল। কিন্তু বিজেপির অভিযোগ, সেই সার্কিট হাউস তাকে দেওয়া হয়নি। এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
সুকান্ত মজুমদার বলেন, “এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। উনি ভারতের অন্যতম শ্রেষ্ঠ সন্তান। এতগুলো জাতীয় পুরষ্কার খুব কম অভিনেতা পেয়েছেন। তার পরেও ওনার সঙ্গে এই ধরনের ব্যবহার ভাবা যায় না। একইসঙ্গে উনি রাজ্যসভার একজন প্রাক্তন সাংসদ। শুধুমাত্র রাজনৈতিক কারণে এই ধরনের কাজ করা হচ্ছে। তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও লজ্জাজনক।”
সূত্রের খবর, যারা সার্কিট হাউজ দেওয়ার সিদ্ধান্ত নেন শেষ মুহূর্তে তারা জানান দেওয়া হবে না। সুকান্ত মজুমদার বলেন, “আমি শুধু এটুকুই বলবো বিনাশ কালে এসব হয়। এসব নিয়ে কিছু বলে লাভ নেই। মিঠুন দাকে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব বলে ত্যাগ করতে চান, তারা যেন বাংলা ও বাঙালি সংস্কৃতি না বলেন। মিঠুনদার প্রতি বাঙালির যে আবেগ সেটা হয়তো ওনারা বুঝতে পারছেন না।

