আমাদের ভারত, শিলিগুড়ি, ১৮ আগস্ট: পাহাড় সমস্যার স্থায়ী সমাধানের জন্য ফের ত্রিপাক্ষিক বৈঠক হবেই বলে জানিয়ে দিলেন সাংসদ রাজু বিস্তা। মঙ্গলবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লাকে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলনে তিনি একথা জানান।
তাঁর বক্তব্য, পাহাড়-তরাই-ডুয়ার্সের মানুষের সমস্যার সমাধানের জন্য তৎপর কেন্দ্র সরকার। আর তাই গোর্খাদের স্বার্থেই সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ত্রিপাক্ষিক বৈঠক করা হবে। স্বরাষ্ট্র দফতর থেকে বৈঠকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পাঠানো হবে। যদিও ত্রিপাক্ষিক বৈঠককে কটাক্ষ করে বামনেতা অশোক ভট্টাচার্য বলেন, পাহাড়ে সমস্যা তৈরি করেছে বিজেপি। তাদের জন্যই এই হাল পাহাড়ের। আর তারা মাঝেমধ্যে ত্রিপাক্ষিক বৈঠকের গল্প করে। রাজু বিস্তা ছাড়াও আলুওয়ালিয়া, যশবন্ত সিং সকলেই এই গল্প করেছেন। সুতরাং এসবকে আমল দিতে চাইনা। আমরা চাই পাহাড়ে ষষ্ঠ তফশিলির অন্তর্ভুক্ত করে সংবিধান অনুযায়ী স্বশাসিত ব্যাবস্থা। আর এটার জন্য প্রতিটি রাজনৈতিক দলকে বৈঠকে ডাকা উচিত।

