কোনো উন্নয়ন হয়নি, তৃণমূল ও সিপিএম ছেড়ে সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপিতে যোগদান শতাধিক গ্রামবাসীর

আমাদের ভারত, ২৭ নভেম্বর: দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের ভেটাহারে ১০০-রও বেশি গ্রামবাসী তৃণমূল ও সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে এই বৃহৎ যোগদান কর্মসূচির আয়োজন করা হয়েছিল।

তৃণমূল ও সিপিএম ছেড়ে আসা ব্যক্তিদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন সুকান্ত মজুমদার নিজেই। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি তথা স্থানীয় বিধায়ক সহ দলের অন্যান্য নেতৃত্ব।

রারাস্তাঘাটের পাশাপাশি স্থানীয় এলাকার উন্নয়নের আশাতেই বিজেপিতে যোগ দিয়েছেন বলে জানান গ্রামবাসীরা। এই বিষয়ে বিজেপিতে যোগদানকারীরা জানিয়েছেন, তাদের এলাকার রাস্তাঘাটের অবস্থা খারাপ। এলাকায় কেউ অসুস্থ হলে চিকিৎসা করাতে যেতে ব্যাপক সমস্যায় পড়তে হয় তাদের।

বামেদের আমল থেকেই এই সমস্যা রয়েছে বলে জানিয়েছেন তারা। তৃণমূল জমানাতে সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ তাদের। সেই জন্যই তারা বিজেপিতে যোগ দিয়েছেন। সুকান্ত মজুমদার বলেন, সবাই বিজেপিতে যোগদান করবেন বিজেপি দেশকে এগিয়ে নিয়ে যাবে এ কথা মানুষ বুঝতে পারছে।

যদিও তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, যারা বিজেপিতে যোগ দিয়েছেন তারা কেউই তৃণমূলের নন। আগের লোকসভা নির্বাচন থেকেই এরা বিজেপির কাছাকাছি চলে গিয়েছিল। বিজেপি যে দাবি করছে তা ভিত্তিহীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *