ছিল অ্যাম্বুলেন্স, পুলিশের বদান্যতায় হয়ে গেল টহলদারি ভ্যান, সমালোচনার ঝড় উত্তর দিনাজপুরে

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৪ এপ্রিল: ছিল সিপিআইএম বিধায়ক তহবিলের টাকায় রোগী পরিষেবার জন্য অ্যাম্বুলেন্স, পুলিশের বদান্যতায় তা রূপান্তরিত হয়ে গেল পুলিশের টহলদারি ভ্যান। অ্যাম্বুলেন্সের এই চরিত্র বদলানোর ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানায়। পুলিশের এই অত্যন্ত নিন্দনীয় কাজের সমালোচনায় মুখর হয়েছেন জেলার বিরোধী দলগুলির নেতৃত্ব। যদিও এব্যাপারে মুখে কুলুপ এঁটেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ। উল্টে খবর করতে গিয়ে এক সাংবাদিককে হেনস্থা করার অভিযোগ উঠেছে কালিয়াগঞ্জ থানার বিরুদ্ধে।

লকডাউনের সময় নিয়মবিধি ভেঙে ওই অ্যাম্বুলেন্সটি যাত্রী পরিবহন করায় কালিয়াগঞ্জ থানার পুলিশ আটক করেছিল। প্রায় একবছর কালিয়াগঞ্জ থানার হেপাজতে ছিল WB 59B 2631 নম্বরের এই অ্যাম্বুলেন্স। অভিযোগ, আচমকা সেই অ্যাম্বুলেন্সটিই পুলিশের টহলদারি ভ্যানে রূপান্তরিত করে নিয়েছে কালিয়াগঞ্জ থানার পুলিশ।

কালিয়াগঞ্জ থানার হেপাজতে থাকা অ্যাম্বুলেন্স পুলিশের জিপে পরিনত হওয়া নিয়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে গোটা জেলাজুড়ে। পুলিশের জিপে রূপান্তরিত হওয়া এই অ্যাম্বুলেন্সটি হেমতাবাদের প্রাক্তন সিপিআইএম বিধায়ক খগেন্দ্র নাথ সিংহের বিধায়ক উন্নয়ন তহবিলের টাকায় কেনা। যাতে হেমতাবাদ বিধানসভা এলাকার রোগীদের প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে হেমতাবাদ স্বাস্থ্যকেন্দ্রে কিংবা রায়গঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া যায়। ২০১৫ সালে হেমতাবাদ বিধানসভা এলাকার একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে খগেন্দ্র নাথ সিংহের বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থে এই অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছিল।

লকডাউন পর্বে ২০২০ সালের ২০ এপ্রিল কালিয়াগঞ্জের ফতেপুরে নাকা চেকিংয়ের সময় আটক করা হয়েছিল অ্যাম্বুলেন্সটি। এরপর থেকে কালিয়াগঞ্জ থানাতেই পড়েছিল। সেই অ্যাম্বুলেন্সের গায়ে বিধায়কের নাম মুছে দিয়ে পুলিশের স্টিকার লাগিয়ে দিয়ে এটিকে পুলিশের টহলদারি ভ্যান তৈরি করে ফেলেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ। পুলিশের এই নিন্দনীয় কাজে সমালোচনার ঝড় উঠেছে বিরোধী রাজনৈতিক দলের মধ্যে। সিপিআইএম এর উত্তর দিনাজপুর জেলা সম্পাদক অপূর্ব পাল বলেন, কালিয়াগঞ্জ থানার পুলিশের এই কাজের নিন্দা করার ভাষা নেই। আসলে এরাজ্যে পুলিশের এই ধরনের কাজ খুবই স্বাভাবিক। বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, রাজ্য সরকার যে দেউলিয়া হয়ে গিয়েছে এটাই তার অন্যতম প্রমাণ। একজন বিধায়কের উন্নয়ন তহবিলের টাকায় অ্যাম্বুলেন্স যা মানুষকে পরিষেবা দিচ্ছিল, তা পুলিশ জিপে পরিনত করেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। যদিও এই বিষয় নিয়ে মুখে কুলুপ এঁটেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *