“গোঁজ প্রার্থী দেওয়ার চেষ্টা করলে চামড়া গুটিয়ে নেব”, জেলানেত্রী আলোরানীর এই মন্তব্য ঘিরে দলের মধ্যে ঝড়

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৩ নভেম্বর: দিন কয়েক আগে তৃণমূলের বিজয় সম্মেলনীতে এসে জেলা নেত্রী আলোরানী সরকার বলেন, পৌরসভা ভোটে কেউ যদি গোঁজ প্রার্থী দেয় তাঁর চামড়া গুটিয়ে নেওয়া হবে। দল ভাল মুখ দেখে যাকে টিকিট দেবে তাকেই দাঁড়াতে হবে। তাকেই আমরা জিতিয়ে আনব। এমনই হুঁশিয়ারি দিয়েছিলেন বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আলোরানি সরকার। এই বক্তব্য ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এরপরই এই মন্তব্য ঘিরে শুরু হয় দলের মধ্যে রাজনৈতিক তর্জা। বক্তব্য ঘিরে সরব বনগাঁর প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্য।

আলোরানী সরাকারের এই মন্তব্যে নিন্দায় সরব হলেন বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্য। আলোরানীকে আক্রমণ করে তিনি বলেন, মনে রাখতে হবে এটা বনগাঁ, বিজপুর নয়। বনগাঁ, গাইঘাটা, গোবরডাঙ্গা একটি সাংস্কৃতিক জায়গা। প্রত্যেক রাজনৈতিক দলের শিষ্টাচার রেখে কোনও বক্তব্য দেওয়া উচিত। ওঁনার বক্তব্যেই প্রকাশ পাচ্ছে বনগাঁয় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব আছে। বিরোধীদের হাতে তুরুপের তাস তুলে দেওয়া উচিত নয়। আমি তাঁর এই বক্তব্য সমর্থন করি না। তিনি আরও বলেন, আলো রানী সরকার আমাদের নেত্রী। উনার উচিত সকলকে এক সঙ্গে নিয়ে চলা।

যদিও আলো রানী সরকার জানিয়েছেন, আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করি কারও কাছ থেকে উপদেশ নেব না। লোকসভা ও বনগাঁ মহকুমার চারটি বিধানসভা তৃণমূলের হারের কারণ আশাকরি সকলেই কমবেশি জানেন। তাই কড়া পদক্ষেপ নিতে হবে। যদিও শংকর আঢ্যের প্রসঙ্গে প্রশ্ন করতেই এড়িয়ে গেলেন আলোরানী সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *