আমাদেরভারত, উত্তর ২৪ পরগনা, ১২ মার্চ: হাবড়ায় মুখে কালো কাপড় বেঁধে মহিলা তৃণমূল সমর্থকদের নিয়ে মৌন মিছিল জ্যোতিপ্রিয় মল্লিকের। নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করলেন উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। বললেন, পক্ষপাত দুষ্ট আচরণ করছে ভারতের নির্বাচন কমিশন। বিজেপির ইশারাতে নির্বাচন কমিশন চলছে দাবি উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের।

নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর উপরে হামলা হয়েছে এই অভিযোগে শুক্রবার সন্ধ্যায় কয়েকশো মহিলা তৃণমূল কর্মীকে নিয়ে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করলেন হাবড়ার তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিজেপি পরিকল্পিতভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুন করতে চেয়েছিল। এত বড় একটি ঘটনা ঘটে যাওয়ার পরে এখনো পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে এই প্রসঙ্গে একটাও কথা বলতে দেখা যায়নি। জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, আমরা কিন্তু চরম শত্রুর বাড়িতেও যাই, বিপদের সময় অসুস্থর সময় পাশে দাঁড়াই।

নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট আচরণ করছে এমনকি বিজেপির ইশারায় কাজ করছে ওরা। তিনি বলেন, নির্বাচন কমিশন সংবিধানের বাইরে চলে যাচ্ছে তাই নির্বাচন কমিশনের উপর আরেকটি কন্ট্রোলিং কমিশন থাকা উচিত।
শুভেন্দুর আজ মনোনয়নপত্র জমা দেওয়া প্রসঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, রেজাল্টের পরে বুঝতে পারবে গো হারা হেরে বাড়ি চলে যাবে, না শান্তি কুঞ্জতে লুকাবে, না দিল্লি গিয়ে থাকতে হবে।

একের পর এক তৃণমূল নেতাদের ইডির তলব প্রসঙ্গে তিনি বলেন, ইডি – সিবিআই এবং ইনকাম ট্যাক্স হয়ে গেছে হাবড়া থানার মত। হাবড়া থানায় যদি কাউকে ডেকে পাঠানো হয় তার যা মূল্য, ইডি, সিবিআই এবং ইনকাম ট্যাক্স এর তাই হয়েছে এর আর কোন মূল্য নেই মূল্যহীন সংস্থা, যাকে খুশি তাকে ডাকছেন। চোরকেও ডাকছেন, ভালো মানুষকেও ডাকছেন, বদমাশকেও ডাকছেন আবার যে কিছু করেনি তার বাড়িতে একটি চিঠি ধরিয়ে দেওয়া হচ্ছে, এমনটা চলতে পারে না, আগামী নির্বাচনের এর যবনিকা হয়ে যাবে।

