জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৫ ডিসেম্বর: পশ্চিম বাংলার প্রতি ভোটেই এখন হিংসা হয় এবং এটা খুবই দুঃখজনক, বলে মন্তব্য করলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। বুধবার তিনি খড়্গপুরে তার বাংলোর সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের আরও বলেন, সন্ত্রাসবাদীদের একটি নতুন টাইপ ধরা পড়েছে। তারা বাংলায় ঢুকেছে। এ বিষয়ে প্রশাসন এবং প্রত্যেকের সাবধান থাকা উচিত। এই পরিস্থিতিতে সরকারকে দেখতে হবে তারা কিভাবে ঢুকছে।
আজ বর্ধমানে একটি সরকারি বাসে বোমা পাওয়ার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এই রাজ্যে এখন শুধু বোমা শিল্প চলছে। পুলিশ প্রশাসন পুরোপুরি ব্যর্থ। তারাই আবার রাজ্যে ভোট করাবে বলে রাজ্য সরকার ঘোষণা করেছে। দিলীপ ঘোষ বলেন, প্রত্যেকটি ভোটে এই রাজ্যে যে ধরনের হিংসার ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক।
কেন্দ্রীয় বাহিনীর দাবিতে আদালতে যাওয়া প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, মানুষ যাতে নির্ভয়ে বেরিয়ে এসে ভোট দিতে পারে সেজন্য আমাদের আদালতে যাওয়া। রাজ্যের মানুষ আশা করে, কেন্দ্রীয় বাহিনী থাকলে অবাধ ও সুষ্ঠুভাবে ভোট করা সম্ভব। ক্ষমতায় আসার আগে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করার কথা বলেছেন এবং তিনি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর মধ্য দিয়েই ক্ষমতায় এসেছেন।

