“বাঁচার কোনও রাস্তা নেই সব কটা’কে ভেতরে যেতে হবে”, তৃণমূলকে তোপ দিলীপের

আমাদের ভারত, ৫ জুন: বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় কেন্দ্রকে তোপ দেগেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পুর ও নগরোন্নয়নমন্ত্রী ববি হাকিম। সোমবার পাল্টা এক হাত নিয়ে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ বলেন, “বাঁচার কোনও রাস্তা নেই সব কটা’কে ভেতরে যেতে হবে”।

দুর্ঘটনার পর মমতা কেন্দ্রকে আক্রমণ করতে গিয়ে বলেছেন, “রেলমন্ত্রী থাকাকালীন অ্যান্টি কলিশন ডিভাইসের ব্যবস্থা করেছিলাম। কেন ছিল না? সিগনালিং সিস্টেম ভগবানের দয়ায় চলছে। সমন্বয় ছিল না।” সোমবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে আসেন দিলীপবাবু। সাংবাদিকরা এদিন মুখ্যমন্ত্রীর ওই মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া চাইলে দিলীপবাবু বলেন, “অ্যান্টি কলিশন যদি উনি করে থাকেন, তাঁর পরে যাঁরা মন্ত্রী হয়েছেন সেই সময় এত দুর্ঘটনা কেন হয়েছে? যারা মারা গেছে এদের জীবনের দাম নেই? যখন ঝাড়গ্রামে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের অ্যাক্সিডেন্ট হলো উনারা প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে মাওবাদী হাত আছে। এখন বলছেন পদত্যাগ চাই। তখন কেন পদত্যাগ চাননি রেলমন্ত্রীর? এসব ড্রামা আমরা জানি। লোক ভুলে যাবে না এত সহজে। আপনারা রোজ রোজ নাটক করেন সব মনে আছে।”

ফিরহাদ হাকিম বলছেন- “কীসের জন্য কবচ? রেলমন্ত্রীর গায়ে পরানোর জন্য? মেক ইন ইন্ডিয়া এখন ডিজাস্টার ইন্ডিয়া।” এর প্রতিক্রিয়ায় দিলীপবাবু বলেন, “যিনি পুরসভাকে ডকে তুলে দিয়েছেন, লোককে জল দিতে পারেন না, একটা তুফান এলো তো সাত দিন জল নেই। বিদ্যুৎ নেই। তাঁর যোগ্যতা আমরা জানি। লোকের সমালোচনা করে, এই সব উল্টোপাল্টা বলে উনারা ভাবছেন দুর্নীতিটাকে চাপা দেবেন। বাঁচার কোনো রাস্তা নেই সবকটাকে ভেতরে যেতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *