বর্ষা বিদায়েও স্বস্তি নেই, রাজ্যে ৪৮ ঘণ্টায় ফের বৃষ্টির পূর্বাভাস

রাজেন রায়, কলকাতা, ২৬ অক্টোবর: রাজ্যে ধীরে ধীরে প্রবেশ করছে শীত। ভোর রাতে হালকা শীতের আমেজ কমবেশি সকলেই অনুভব করছেন। কিন্তু এর মাঝেই আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ৪৮ ঘণ্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের বেশ কয়েকটি এলাকায়। যা শীতের আমেজের মাঝে কিছুটা হলেও দুশ্চিন্তায় ফেলছে সাধারণ মানুষকে। কারণ এবার বর্ষার মরশুমে এমনিতেই বৃষ্টিতে বারবার বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ব্যাহত হয়েছে দৈনন্দিন কাজকর্ম, নষ্ট হয়েছে বিঘার পর বিঘা সবজির ক্ষেত। এরকম একটা অবস্থায় শীতের আমেজ শুরু হওয়ায় মানুষ কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছিলেন। কিন্তু মালুম হচ্ছে, সেগুড়েও বোধহয় বালি।  

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে আংশিক মেঘলা থাকবে আকাশ। কলকাতা, হাওড়া এবং ঝাড়গ্রামে বিকেলের দিকে হতে পারে হালকা বৃষ্টি। দার্জিলিং, কালিম্পংয়ের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মালদহ ও দুই দিনাজপুরে শুষ্ক থাকবে আবহাওয়া। এরই মাঝে কিছুটা স্বস্তি পশ্চিমের জেলাগুলিতে। সেখানে শীত অনুভূত হবে, এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা।  
নিম্নচাপের জেরে একাধিকবার রাজ্যে বৃষ্টি হয়েছে। জলমগ্ন পরিস্থিতি হয়েছে গোটা রাজ্যে। তবে পুজোতেও বৃষ্টির সম্ভাবনা ছিল। কিন্তু বৃষ্টির হাত থেকে সেই সময়ের জন্য নিস্তার পেয়েছিল আমজনতা। কিন্তু পুজো কাটতেই ফের বৃষ্টি শুরু হয়েছিল বঙ্গে। তবে শেষ পর্যন্ত বর্ষা যে বিদায় নিয়েছে, তা হাওয়া অফিস আগেই জানিয়ে দিয়েছে সরকারিভাবে। কিন্তু বর্ষা বিদায় নিলে কী হবে, বৃষ্টি যেন কিছুতেই পিছু ছাড়ছে না। শীত পড়ার মুখেও বৃষ্টির ভ্রুকুটি। 

আবহাওয়াবিদরা জানিয়েছেন, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্ত আগামী ৪৮ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিম দিকে এগোবে। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে কেরল উপকূলে। সব মিলিয়ে নিম্নচাপ-ঘূর্ণাবর্তের রেশ যেন কাটতেই চাইছে না।  

অন্যদিকে, দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে এবার ঢুকতে শুরু করবে উত্তর-পূর্ব মৌসুমী বায়ু। এর প্রভাবে বৃষ্টি শুরু হবে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু-সহ দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে। তবে বর্ষার বিদায়পর্ব শুরু হতেই  উত্তর-পশ্চিম ভারতে আসতে শুরু করেছে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু-কাশ্মীর, লাদাখ ও হিমাচল প্রদেশের কিছু অংশে তুষারপাতের সম্ভাবনা। বৃষ্টি হবে জম্মু-কাশ্মীর, লাদাখ, পাঞ্জাব, হিমাচল প্রদেশ সহ উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লিতেও বৃষ্টির সম্ভাবনা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *