অগ্নিপথ প্রকল্প প্রত্যাহারের প্রশ্নই ওঠে না, সাংবাদিক বৈঠকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন সেনাকর্তা

আমাদের ভারত, ১৯ জুন: অগ্নিপথ নিয়ে লাগাতার বিক্ষোভ চলছে দেশের ১৩ রাজ্যে। তার মধ্যেই সেনা বিভাগের শীর্ষকর্তা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, অগ্নিপথ প্রকল্প কোনোভাবেই প্রত্যাহার করা হবে না। তাই এ বিষয়ে যেন কেউ কোনো ভুল ধারণা তৈরি না করেন।

অগ্নিপথ প্রকল্প প্রত্যাহারের কোনো প্রশ্ন নেই। তার কারণ হিসেবে ওই সেনা কর্তা‌ বলেছেন কেন্দ্র বহুদিন ধরেই ভারতীয় সেনাবাহিনীতে তারুণ্য এবং অভিজ্ঞতার মিশেল ঘটানোর চেষ্টা করছে। দীর্ঘ চেষ্টার পর শেষ পর্যন্ত অগ্নিপথ প্রকল্পের আওতায় তা বাস্তবায়িত হয়েছে। তাই এখন এই প্রকল্প প্রত্যাহারের প্রশ্নই ওঠে না। এক কথায় বলা যায় কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের কর্তারা স্পষ্ট করে দিয়েছেন যাই ঘটুক না কেন, কেন্দ্র এই নতুন প্রকল্প নিয়ে কোনোভাবেই পিছু হটবে না।

রবিবার নয়াদিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রকের দপ্তরে অগ্নিপথ নিয়ে সাংবাদিক বৈঠক ডাকা হয়েছিল। সেখানে প্রতিরক্ষা মন্ত্রকের সেনা বিষয়ক দপ্তরের অতিরিক্ত সচিব লেফটেনেন্ট জেনারেল অনিল পুরী সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে বলেন, “কেন অগ্নিপথ প্রকল্প প্রত্যাহার করা হবে? দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি প্রকল্প থেকে কেন পিছিয়ে আসবো আমরা?”

সেনাবাহিনীতে চার বছরের চুক্তির ভিত্তিতে সেনা নিয়োগের প্রকল্প অগ্নিপথ গত সপ্তাহে ঘোষণা করেছে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তারপর থেকেই দেশের একাধিক রাজ্যে বিক্ষোভ আন্দোলন শুরু হয়েছে। রাজ্যগুলিতে নষ্ট করা হয়েছে কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি। আগুন ধরানো হয়েছে ট্রেনে বাসে। অগ্নিপথ প্রকল্প প্রত্যাহারের দাবিতে এই উত্তপ্ত প্রতিবাদের প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে জানতে চাওয়া হলে অনিল বলেন, “দেশের নিরাপত্তার কথা ভেবেই তারুণ্যকে গুরুত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে। তাই দেশের নিরাপত্তা যখন বিচার্য তখন পিছিয়ে আসার প্রশ্নই নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *